রোনালদোকে হারিয়ে দিলেন 'জোকার'

‘জোকার’কে চিনেছেন তো? নোভাক জোকোভিচের ডাকনাম। তবে খবরের শিরোনাম দেখে ভড়কে যাবেন না। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ফুটবল খেলতে নামেননি জোকোভিচ। রোনালদোও র্যাকেট হাতে নেমে পড়েননি টেনিস কোর্টে। তাহলে এই হার-জিত কোথায় হলো? লড়াইটা হয়েছে একটি পুরস্কার নিয়ে। রোনালদোকে হারিয়ে ক্রীড়াঙ্গনের অস্কারখ্যাত লরিয়াসে সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন সার্বিয়ান তারকা। ফর্মুলা ওয়ান চালক লুইস হ্যামিল্টনও মনোনয়ন পেয়েছিলেন সেরা তিনে।
ফুটবলারদের জন্য পুরস্কারটি জেতা অবশ্য সহজ নয়। বলা ভালো অধরাই। কারণ ২০০০ সালে প্রবর্তনের পর একবারও বছরের সেরা খেলোয়াড় বিভাগে জিততে পারেনি কোনো ফুটবলার। এখানে টেনিস-অ্যাথলেটিকসেরই জয়জয়কার। রজার ফেদেরার যেমন সর্বোচ্চ চারবার জিতেছেন। তিনবার উসাইন বোল্ট।
অবশ্য আজীবন সম্মাননায় আছেন বেশ কজন ফুটবল ব্যক্তিত্ব। প্রথম বছরেই আজীবন সম্মাননা পেয়েছিলেন পেলে। ২০০৬ এবং ২০০৭ সালে যথাক্রমে ইয়োহান ক্রুইফ এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ২০১১-তে জিনেদিন জিদান। পরের বছর দেওয়া হয় স্যার ববি চার্লটনকে।