রোনালদোকে হারিয়ে মেসিই সেরা

এবারের ব্যালন ডি’ অর বিজয়ীর নাম জানতে অপেক্ষা করতে হচ্ছে আরও বেশ কিছুদিন। ভোটাভুটিতে লিওনেল মেসিরই জেতার সম্ভাবনা বেশি। ব্যালন ডি’ অর বিজয়ীর নাম আপাতত গোপন থাকলেও অন্য এক ভোটাভুটিতে বছর সেরা হয়েছেন মেসিই। মাদ্রিদভিত্তিক স্প্যানিশ পত্রিকা মার্কার জরিপে বছর সেরা ফুটবলার এই বার্সেলোনা তারকাই।
মার্কা ৫০ জন ফুটবলারের এক তালিকা দিয়ে পাঠকদের কাছে জানতে চেয়েচিল, এ বছরের সেরা কে? এ জরিপেই দেখা গেল মূল প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে বেশ আয়েশ করেই হারিয়েছেন মেসি। এ মৌসুমে বার্সার হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন তিনি। জরিপেও এই সাফল্যের প্রভাব পরেছে। ৮ শতাংশ ভোট পেয়ে সবার ওপরে মেসি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের জার্সিতে শিরোপাহীন থাকার দায় মেটাতে হয়েছে রোনালদোকে। মার্কার জরিপে শীর্ষ পাঁচে জায়গা হয়নি তাঁর। দ্বিতীয়স্থানে আছেন বার্সার ‘এমএসএন’ ত্রিফলার অন্য দুজন লুইস সুয়ারেজ ও নেইমার। দুজনেই পেয়েছেন ৭ শতাংশ ভোট। এরপরই ৫ শতাংশ ভোট পেয়ে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও রবার্ট লেভানডফস্কি।
রোনালদোর জায়গা মিলেছে এরপর। মাত্র ৪% ভোট পেয়ে ষষ্ঠস্থানে আছেন, তবে এখানেও একা নন তিনি। সঙ্গী ক্লদিও ব্রাভো ও সার্জিও বুসকেটস।
স্প্যানিশ দর্শকেরাই মেসিকে রোনালদোর চেয়ে অনেক এগিয়ে রাখছেন। বৈশ্বিক ব্যালন ডি’ অর পুরস্কারটিও তাই মেসির কাছেই যাচ্ছে এটি তাই ধরেই নেওয়া যায়।