রোনালদোকে 'বার্তা' দিলেন জিদান

অভিব্যক্তিতে বিরক্তি না হতাশা বেশি, সেটি নিয়ে তর্ক হতে পারে। তবে পরশু ম্যাচ শেষের আগেই মাঠ ছাড়ার পর সময় ক্রিস্টিয়ানো রোনালদো যে খুব একটা প্রসন্ন ছিলেন না, সেটা বুঝতে সমস্যা হয়নি। তবে রোনালদোকে তার চেয়েও বড় ‘দুঃসংবাদ’ দিয়েছেন জিনেদিন জিদান। প্রচ্ছন্ন বার্তা দিয়ে রেখেছেন সামনেও এ রকম অভিজ্ঞতা আবার হতে পারে।
ম্যাচের তখন ১৮ মিনিট বাকি। লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ। রোনালদো পুরো ম্যাচে ঠিক চেনা ফর্মে ছিলেন না। প্রথমার্ধে আলভারো মোরাতার এনে দেওয়া একটা সহজ সুযোগ নষ্ট করেছেন। রিয়ালকে এগিয়ে দেওয়া বেনজেমার গোলটাও রোনালদো পেতে পারতেন, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও শট মেরেছেন তাঁর সোজাসুজি। শেষ পর্যন্ত ৭১ মিনিটে জিদান উঠিয়েই নিয়েছেন রোনালদোকে। দুবার এগিয়ে থাকার পরও রিয়াল ম্যাচটা জিততে পারেনি, শেষ পর্যন্ত ড্র করেছে ২-২ গোলে। চার দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পয়েন্ট হারাল রিয়াল। টানা ১৬ ম্যাচ জেতার পর হঠাৎ করেই যেন একটু খেই হারিয়ে ফেলেছে।
এ মুহূর্তে রক্ষণই জিদানের বড় দুশ্চিন্তা। গত ছয়টি ম্যাচের একটিতেও যে গোলপোস্ট অরক্ষিত রাখতে পারেনি রিয়াল। কিন্তু রোনালদোর নিজেকে হারিয়ে খোঁজা নিয়েও রিয়াল কোচের একটা খচখচানি না থেকে পারে না। এই মৌসুমে আগেও রোনালদোকে উঠিয়ে নিয়েছেন জিদান। তবে দুবারই চোটের জন্য। ওসাসুনার বিপক্ষে এই মাসের শুরুতে হাঁটুর চোটের জন্য পুরো ম্যাচ খেলেননি। গত সপ্তাহেও এসপানিওলের সঙ্গে অসুস্থ ছিলেন। এই মৌসুমে মাত্র দুটি ম্যাচেই ৯০ মিনিট খেলেছেন।
জিদান অবশ্য দাবি করেছেন, পরশু ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের জন্য রোনালদোকে তুলে নিয়েছেন, ‘মঙ্গলবার আমাদের একটা ম্যাচ আছে। সে জন্যই আমি ভেবেছি ওকে ২০ মিনিট আগে তুলে নেওয়া উচিত। আমি জানি সে সব সময় খেলে যেতে চায়, মাঠেই সব সময় থাকতে চায়, কিন্তু খেলোয়াড়দের কথাও তো আমাকে ভাবতে হবে। আমি মনে করি, যা করেছি সেটা ওর জন্য ভালোই হবে।’ আভাস দিয়েছেন, সামনে এমন সিদ্ধান্ত আবার নিতে হতে পারে, ‘মাঝেমধ্যেই এটা আমাকে করতে হতে পারে। আমরা যা করছি, সেটার পরিবর্তন করারও কোনো কারণ নেই।’
টানা দুই ড্রয়ের পরও অবশ্য লা লিগার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৪, বার্সেলোনা পিছিয়ে আছে ১ পয়েন্টে। এএফপি।