রোনালদোকে 'স্যরি' বললেন গার্দিওলা

ভলফ্সবুর্গকে উড়িয়ে দিয়েই একটি ইচ্ছের কথা জানিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্বদেশি ক্লাব বেনফিকাকে পেতে চান। তা আর হয়নি, বেনফিকার মাঠে ড্র করে সেমিফাইনালে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালে পা রেখেই তাই বায়ার্ন কোচ পেপ গার্দিওলার খোঁচা, ‘দুঃখিত, রোনালদো!’
কাল বায়ার্নের মনে ভয় ধরিয়ে দিয়েছিল বেনফিকা। ২৭ মিনিটেই রাউল হিমেনেজের গোলে এগিয়ে গিয়েছিল দলটি। তবে আর্তুরো ভিদাল ও টমাস মুলারে গোলে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে বায়ার্ন। ৭৬ মিনিটে অ্যান্ডারসনের দুর্দান্ত এক ফ্রি কিক ম্যাচে সমতা আনলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে সেমিফাইনালে উঠে যায় পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন। আর রোনালদোকে হতাশা উপহার দিল দুবারের ইউরোপ সেরা দল বেনফিকা।
এ নিয়ে সাতবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল গার্দিওলার কোচিং করিয়েছেন এমন কোনো দল। এমন অর্জনেই হয়তো দেখা মিলল গার্দিওলার রসিক মনের, ‘আমি জানি রোনালদো বেনফিকাকে চেয়েছিল সেমিফাইনালে। আমি দুঃখিত সে ওই সুযোগটা পেল না।’
এরপরই ‘সিরিয়াস’ গার্দিওলা, ‘দিনের শেষে একজন কোচকে ম্যাচ জিততে হবে, শিরোপা জিততে হবে এবং আমি অনেক শিরোপা জিতেছি। বেনফিকা খুব ভালো খেলেছে। অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই খেলতে হয়েছে ওদের। কিন্তু আমরাই বেশি আক্রমণাত্মক ছিলাম, তারই ফল পেয়েছি।’
সেমিফাইনালে অদ্ভুত ঝামেলায় পড়তে পারেন গার্দিওলা। তাঁর পরবর্তী দল ম্যানচেস্টার সিটিও আছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। সেমিফাইনাল কিংবা ফাইনালে নিজের ভবিষ্যতের দলের মুখোমুখি হতে হবে তাঁকে। এ নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত মনে হলো না গার্দিওলাকে, ‘সবাই জানে আমি সিটিতে যাচ্ছি। হয়তো সেমিতেই তাদের সঙ্গে দেখাও হতে পারে। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে এখন দৃষ্টি দিতে হবে এবং তা হলো ফাইনাল নিশ্চিত করা।’
এমনও হতে পারে সেমিতে রিয়াল মাদ্রিদকেই পেলেন গার্দিওলা। তখন হয়তো নতুন করে আবারও রোনালদোকে দুঃখিত বলার সুযোগ পাবেন গার্দিওলা। আবার কে জানে, হয়তো গার্দিওলাকেই দুঃখিত বানিয়ে দিলেন রোনালদো! সূত্র: মার্কা।