রোনালদোকেই এগিয়ে রাখছেন ফার্গি

প্রশ্নটা এর আগেও তাঁকে করা হয়েছে, উত্তরও দিয়েছেন। ‘এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় কে’—এই প্রশ্নে আবারও একই উত্তর দিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। কেন লিওনেল মেসির চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে এগিয়ে রাখছেন, সেই কারণটাই এবার জানালেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ।
মেসি-রোনালদোর দ্বৈরথটা এখন ফুটবল-পুরাণেরই অংশ হয়ে গেছে। এই মৌসুমেও তো রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতো দুজনের দ্বৈরথ জমজমাট। বিবিসি স্পোর্টসের কাছে ফার্গুসন স্বীকার করেছেন, এই প্রশ্নের মুখোমুখি আগেও অনেকবার হয়েছেন। মানছেন, অনেকের চোখে মেসিই এগিয়ে থাকছেন, ‘অনেকেই মেসির নাম বলবে। তাদের সঙ্গে তর্কে আপনি যেতে পারবেন না।’ তবে রোনালদোকে খুব কাছ থেকে দেখেছেন, ফার্গিই আজকের রোনালদোকে প্রথম চিনিয়েছিলেন বিশ্ব ফুটবলে। ইউনাইটেডের সেই অভিজ্ঞতা থেকেই এগিয়ে রাখছেন পুরোনো ছাত্রকে, ‘রোনালদো মিলওয়াল, কিউপিআর, ডনকাস্টার রোভার্স বা যে কারও হয়ে খেলে হ্যাটট্রিক করতে পারে। মেসি সেটা করতে পারবে কি না, সে ব্যাপারে আমি নিশ্চিত নই।’
কিন্তু রোনালদোর ব্যাপারে এতটা নিশ্চিত হচ্ছেন কীভাবে? ফার্গি বললেন, ‘রোনালদো দুই পায়েই খেলতে পারে। সে খুবই দ্রুত, বাতাসে দারুণ ও সাহসী।’ মেসিকে নিয়ে যে কথাটি বলেছেন সেটি নিয়েও তর্ক হতে পারে, ‘আমার মনে হয় মেসি হচ্ছে বার্সেলোনা ঘরানার খেলোয়াড়।’ ইএসপিএন।