রোনালদোদের ক্ষতে লবণ লাগাচ্ছেন ক্যারাঘার

আরেকটি টুর্নামেন্ট থেকে বাদ পড়লেন রোনালদোরাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আগস্টে এমন দিন দেখার কথা কি ভেবেছিলেন ইউনাইটেড সমর্থকেরা? প্রায় এক সপ্তাহ ক্লাব কিংবদন্তিকে নগর প্রতিদ্বন্দ্বীদের ঘরে দেখতে হবে, এ শঙ্কায় দিন কাটাচ্ছিলেন। এই অবস্থায় হঠাৎ নাটক, ২৪ ঘণ্টার মধ্যে চিত্রনাট্যে ১৮০ ডিগ্রি বদল এনে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ক্রিস্টিয়ানো রোনালদোর। বাস্তববাদীরা হয়তো লাগাম টেনে ধরেছিলেন, কিন্তু সাধারণ সমর্থকদের স্বপ্নে তখন চ্যাম্পিয়নস লিগ, আর ইংলিশ প্রিমিয়ার লিগ ঘুরপাক খাচ্ছে। ২০১৭ সালের পর থেকে কোনো ট্রফির রুপালি আভার দেখা নেই ইউনাইটেডে।

বাস্তবতা ভিন্ন কিছু দেখাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকতেই হাঁসফাঁস অবস্থা, এর মধ্যেই ক্লাব কিংবদন্তি উলে গুনার সুলশার কোচের চাকরি হারিয়েছেন, চ্যাম্পিয়নস লিগেও ভালো কিছু করার স্বপ্নটা দূর কল্পনা বলে মনে হচ্ছে। এর মধ্যেও গতকাল রাতটা বিভীষিকা হয়ে দেখা দিয়েছে ইউনাইটেডের জন্য। এফএ কাপের চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্তরের ক্লাব মিডলসবরোর কাছে হেরে গেছে রেড ডেভিলরা। ক্ষতটা তাজা থাকতে থাকতেই তাতে আবার লবণ ডলেছেন জেমি ক্যারাঘার। ক্রিস্টিয়ানো রোনালদোকে পেয়েও ইউনাইটেডে দলের বর্তমান হাল নিয়ে খোঁচা দিয়েছেন লিভারপুলের সাবেক ডিফেন্ডার।

গতকাল ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন রোনালদো। ২৫ মিনিটে জাডোন সাঞ্চো সে দুঃখ ভুলিয়ে দিয়েছিলেন। কিন্তু ৬৪ মিনিটে আবার ম্যাচে ফিরেছেন ২০১৭ সাল থেকেই ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে থাকা মিডলসবরো। ম্যাচ পেনাল্টিতে গড়ালে সবাই ঠিকঠাকভাবেই নিয়েছেন প্রথম ৭ শট। অষ্টম শটটি নিতে গিয়ে গড়বড় করে ফেলেন ইউনাইটেডের একাডেমির অ্যান্থনি এলাঙ্গা। পেনাল্টিতে ৮-৭ ব্যবধানে হেরে বিদায় নেয় ইউনাইটেড।

ক্যারাঘার সম্ভবত ইউনাইটেডের হারের অপেক্ষাতেই বসেছিলেন। ম্যাচ শেষ হতেই লিভারপুলের এই সাবেক ডিফেন্ডার ও বর্তমান ফুটবল পণ্ডিত টুইট করেছেন, ‘রয় কিন আমাকে বলেছিল, ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোকে এনেছে এফএ কাপ জেতার জন্য।’ সঙ্গে কাঁধ ঝাঁকানোর ইমোটিকন।

হতাশামাখা আরেকটি দিন রোনালদোর
ছবি: রয়টার্স

খোঁচাটা বুঝতে একটু পেছনে যেতে হবে। স্কাই স্পোর্টসে ফুটবল নিয়ে পাণ্ডিত্যের আড়ালে ক্যারাঘার ও ইউনাইটেড কিংবদন্তি রয় কিন ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকেন। গত নভেম্বরে এক ম্যাচে রোনালদোকে একাদশে না নামানোর সিদ্ধান্তে দুজনের মধ্যে আবার দ্বিমত দেখা দেয়। ২৮ নভেম্বর চেলসির মতো প্রতিপক্ষের বিরুদ্ধে রোনালদোকে বসিয়ে রাখা হয়। এ প্রসঙ্গে রোনালদোকে তাহলে কেন কিনে এনেছে ইউনাইটেড—তা নিয়ে তর্ক বেধে যায় কিন ও ক্যারাঘারের মধ্যে।

কিন বলেছিলেন, ‘খেলার মূল উদ্দেশ্য কী? গোল করা। তুমি সালাহকে (মো সালাহ, এ মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা) নিয়ে কথা বল—কারণ, এই খেলার মূল কথা গোল। ইয়ান রাশ (লিভারপুল কিংবদন্তি), তিনি কী করেছেন? গোল করেছেন?’

ক্যারাঘার অবশ্য মানতে রাজি নন, শুধু গোল করতে জানলেই একজন মাঠে নামার অধিকার রাখেন। তাঁর চোখে দলকে অন্যভাবে সহযোগিতাও জরুরি (যেটা রোনালদো করছেন না বলে তাঁর দাবি), ‘সে কি প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করে?’ কিনের প্রত্যুত্তর, ‘হ্যাঁ, কিন্তু সে তো রোনালদোর মতো এত গোল করেনি!’

ক্যারাঘার হাল ছাড়েননি, ‘গোল করার ক্ষেত্রে রোনালদো অবিশ্বাস্য, কিন্তু আমি আগেই বলেছি, পিএসজি মেসিকে নিয়েছে এবং ইউনাইটেড রোনালদোকে কিনেছে। ইউনাইটেড কি তাতে শিরোপা জেতার সম্ভাবনা বাড়াতে পেরেছে? না! পিএসজি কি মেসিকে পেয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা বাড়িয়েছে? না!’

কিন তখন যা বলেছেন, তাতে ইউনাইটেড সমর্থকেরা হতাশ হতে বাধ্য, ‘রোনালদো ইউনাইটেডকে শিরোপা জেতানোর মতো বানাতে পারবে না।’ ক্যারাঘারও চমকে গিয়েছিলেন এই স্বীকারোক্তিতে, ‘তাহলে তাকে কেনার মানে কী? ওর বয়স প্রায় ৩৭!’

প্রত্যাবর্তন রোনালদোর প্রত্যাশামতো এগোচ্ছে না
ছবি: রয়টার্স

কিন পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করেছেন, ‘তুমি কি এফএ কাপ জিতেছ কখনো?’
ক্যারাঘার: ‘হ্যাঁ, জিতেছি।’

‘তাহলে এফএ কাপেই ফেরত যাও। ওরা (ইউনাইটেড) চ্যাম্পিয়নস লিগে পরের পর্বে উঠেছে, ক্লাবের কাছে এটাই কত বড় জান? গ্ল্যাজার্স (মালিকপক্ষ) এবং শেয়ারের দাম (বাড়ানো)—এটার জন্য তাকে ফেরানো হয়েছে।’

ক্যারাঘার এ যুক্তি মানতে চাননি, ‘তুমি লিগে দ্বিতীয় হয়েছ গত বছর এবং ৩৬ বছর বয়সী রোনালদোকে এনেছ। এর মানে তুমি চার বছর পর লিগ জিততে চাও না। তুমি ৩৬ বছর বয়সী কাউকে নিলে এখনই জিততে চাইবে। ভারান, যে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে, তাকে কিনেছ, এর মানে তুমি এখনই জিততে চাও। তারা কি লিগ জেতার ধারেকাছে আছে?’

এ মৌসুমে এখন শুধু চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ আছে রোনালদোর
ছবি: রয়টার্স

কিন আবারও ইউনাইটেডের বাস্তবতা বলেছেন, ‘না, সে (রোনালদো) লিগ জেতাতে আসেনি।’ ক্যারাঘার তাই জিজ্ঞেস করেছিলেন, ‘তবে কেন ফেরানো হয়েছে তাকে? কেন এসেছে সে?’

এরই জবাবে কিন নিজের জন্য ফাঁদ পেতেছেন, ‘যখন তুমি এফএ কাপ জিতেছিলে, তখন উল্লাস করেছিলে না? ইউনাইটেড বর্তমানে এখন এফএ কাপ জেতার দল!’
গতকাল ইউনাইটেড এফএ কাপের শেষ ষোলোতেও উঠতে ব্যর্থ হয়েছে। খোঁচা মারার এত বড় সুযোগ কে হাতছাড়া করেন?