রোনালদোদের জয়ের ম্যাচে ফিরে এসেছিলেন ‘এরিকসেন’

কাল নরউইচ ম্যাচে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন ভিক্টর লিন্ডেলফছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ান এরিকসেন আবারও ফিরে এসেছিলেন কাল ইংলিশ প্রিমিয়ার লিগে। আরও নির্দিষ্ট করে বললে নরউইচের মাঠে। ম্যানচেস্টার ইউনাইটেড আর নরউইচ সিটির ম্যাচে হঠাৎ করেই খেলার মধ্যেই বুক ধরে বসে পড়লেন ইউনাইটেডের ভিক্টর লিন্ডেলফ। নিশ্বাস নিতেই পারছিলেন না। গত জুনে ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ড-ডেনমার্ক ম্যাচে ডেনমার্কের তারকা ক্রিস্টিয়ান এরিকসেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে বেঁচে ফিরলেও এরিকসেনের ক্যারিয়ারই এখন হুমকির মুখে। হৃদ্‌রোগে আক্রান্ত কারও পক্ষে পেশাদারি ফুটবল চালিয়ে যাওয়াটা যে কঠিন, একপ্রকার অসম্ভবই।

লিন্ডেলফ ম্যাচের ৭৪ মিনিটের মাথায় বুক ধরে বসে পড়েন। ইউনাইটেড কোচ রালফ রাংগনিক অবশ্য জানিয়েছেন, ‘সবকিছুই ঠিক আছে।’ লিন্ডেলফকে অবশ্য প্রায় সঙ্গে সঙ্গেই তুলে নেওয়া হয়। সাম্প্রতিক কালে ফুটবলারদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়াটা একটা শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরিকসেনের পর আর্জেন্টাইন তারকা সের্হিও আগুয়েরো আর ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের এ–সংক্রান্ত সমস্যা হয়েছে।

৭৪ মিনিটে নিশ্বাসে সমস্যা হলে মাঠ থেকে তুলে নেওয়া হয় লিন্ডেলফকে
ছবি: রয়টার্স

নরউইচকে কাল কষ্ট করেই ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পেনাল্টি থেকে গোল করে ইউনাইটেডের জয় নিশ্চিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে কাল রোনালদোর জয়সূচক গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের জয় ছাপিয়ে মূল আলোচনা লিন্ডেলফের অসুস্থতা নিয়েই।

নরউইচকে হারাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে নির্ভর করতে হয়েছে রোনালদোর পেনাল্টি গোলের ওপর
ছবি: রয়টার্স

ম্যাচ শেষে রাংগনিক অবশ্য সবাইকে আশ্বস্তই করেছেন, ‘ওর ম্যাচের মধ্যেই কারও সঙ্গে ধাক্কা লেগেছিল। এর পরপরই সে বুকে ব্যথা অনুভব করে। ওর নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তবে এরপর ক্লাবের চিকিৎসকেরা ওর সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছে। মনে হচ্ছে, সবকিছু এখন ঠিকঠাকই আছে।’

ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার দাভিদ দি হিয়া জানিয়েছেন, সতীর্থ লিন্ডেলফকে মাঠে বুকে হাতে দিয়ে বসে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। তাঁর নাকি কেবলই মনে হচ্ছিল, ক্রিস্টিয়ান এরিকসেন আর আগুয়েরোর কথা, ‘অদ্ভুত লাগছিল, যখন দেখলাম লিন্ডেলফের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছিল, ফুটবল খেলাটা আসলে জীবনের তুলনায় কিছুই নয়। আমরা সম্প্রতি ফুটবল মাঠে এমন ঘটনা দেখেছি। লিন্ডেলফের অবস্থা দেখে আমার কেবলই এরিকসেন আর আগুয়েরোর কথা মনে হচ্ছিল। নিজের সতীর্থকে এ অবস্থায় দেখাটা সত্যিই কঠিন একটা ব্যাপার।’

ইউনাইটেডকে ভালোই বেগ দিয়েছে কাল নরউইচ
ছবি: রযটার্স

কাল নরউইচের মাঠে ইউনাইটেডের শুরুটা আশা–জাগানিয়া হলেও ম্যাচ যত গড়িয়েছে, রোনালদোদের লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা নরউইচ বেগ দিয়েছে। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে পেনাল্টি থেকে তাদের গেরো খোলে। ডি বক্সের মধ্যে নরউইচের এক ডিফেন্ডার পর্তুগিজ তারকাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে কোনো সমস্যা হয়নি রোনালদোর। এই জয়ে ১৬ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৭। ১ পয়েন্ট কম নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ঠিক নিচেই আছে আর্সেনাল।