রোনালদোদের বড়দিন

বাড়ির জন্য মন কেমন করছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। বড়দিনের উৎসবে ছোট্টবেলার স্মৃতিবিজড়িত মাদেইরাতে ফিরতে ব্যাকুল হয়ে পড়েছিলেন। দুই দিন আগে ইনস্টাগ্রামে মাদেইরার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘ক্রিসমাস চলে এসেছে। আমিই কি একমাত্র লোক যে বছরের এই সময়টাতে অনেক বেশি গৃহকাতর হয়ে পড়ি? আমার দ্বীপ মাদেইরাতে কয়েকটা দিন কাটাতে পারলে কত ভালোই না হতো! আনন্দ-উৎসব করা...সেখানে নিয়মিতই যা হয়!’
ইচ্ছেটা ছোট, রোনালদোর সেই ইচ্ছে অপূর্ণও থাকেনি। পুরো পরিবারসহ মাদেইরায় গিয়েই উদ্যাপন করেছেন বড়দিন। কাল সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর মা দোলোরেস আভেইরোই একটি ছবি দিয়েছেন। যেখানে দেখা যায়, পুরো পরিবার নিয়ে মাদেইরাতে নিজের জাদুঘর ‘রোনালদো মিউজিয়ামে’ গেছেন পর্তুগাল অধিনায়ক। এখানেই রেখেছেন কদিন আগে জেতা নিজের চতুর্থ ব্যালন ডি’অরের ট্রফিটা। আপাতত কিছুদিন বিশ্রামেও রোনালদো, সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রের প্রথম লেগে না-ও খেলতে পারেন।
তা রোনালদো শেকড়ের টানে ছুটে গেছেন পরিবার নিয়ে, রিয়াল সতীর্থ গ্যারেথ বেলও ফিরেছেন ওয়েলসে। তবে বড়দিনের আগের দিনেও তিনি ঘাম ঝরিয়েছেন জিমে। চোট থেকে ফেরার জন্য পুনর্বাসন চলছে। নভেম্বরে চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং সিপির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন বেল। পরশু জিমে নিজের ব্যায়ামের একটি ছবি দিয়েই ওয়েলস উইঙ্গার জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা, ‘ক্রিসমাসের আগের দিনের ব্যায়াম!’ মার্কা, ফোরফোরটু।