রোনালদোদের সামনে বলকান হাঙর

গাড়ি যখন হঠাৎ বন্ধ হয়ে যায়, একটা ধাক্কার দরকার হয়। ক্রিস্টিয়ানো রোনালদোর সেটি খুব করেই দরকার ছিল। আগের ম্যাচে জোড়া গোলে সেই ধাক্কা পেয়েছেন। তবে রোনালদোর জোরে ছোটার পথটা এখন আরও বেশি রুক্ষ। দ্বিতীয় রাউন্ডে যে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি পর্তুগাল!
র্যাঙ্কিং বলছে দুই দলের পার্থক্যটা অনেক। পর্তুগালের র্যাঙ্কিং আট, ক্রোয়েশিয়া আছে সাতাশে, পাল্লাটা পর্তুগালের দিকেই হেলে থাকার কথা। কিন্তু প্রথম রাউন্ডের পর সেটি ক্রোয়েশিয়ার দিকেই হেলে আছে। মডরিচ-মানজুকিচদের ছাড়াই যেভাবে ক্রোয়েশিয়া স্পেনকে হারিয়েছে, তাতে এবারের ইউরোর ‘কালো ঘোড়া’ তো তারাই।
ড্রটা যেভাবে হয়েছে, তাতে ক্রোয়েশিয়ার অনেক দূর যাওয়ার রাস্তাটাও পরিষ্কার। পর্তুগালকে হারালে সেমিফাইনাল পর্যন্ত বড় কোনো দলের দেখা পাওয়ার সম্ভাবনা নেই। ১৯৯৮ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সেই স্মৃতিও যেন ক্রোয়াটদের মনে উজ্জ্বল হয়ে ফিরে আসছে। ক্রোয়াট উইঙ্গার ইভান পেরিসিচ অবশ্য পা মাটিতেই রাখছেন, ‘গ্রুপ পর্বটা আমরা ভালোভাবেই পার হয়েছি, কিন্তু এখন তো মাত্র শুরু। পরের ম্যাচে হেরে গেলেই সব শেষ। ১৯৯৮ সালের মতো কিছু করতে হলে প্রথম তিন ম্যাচের মতোই আমাদের লড়াই করে যেতে হবে।’
পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস আসলে বলকান হাঙ্গরকে এড়িয়েই যেতে চেয়েছিলেন, ‘ক্রোয়েশিয়ার মতো হাঙ্গরকে আমরা এড়াতেই চেয়েছিলাম। স্পেনের গ্রুপে তারা প্রথম হয়েছে, এরপর আর কিছু বলার দরকার নেই।’ রোনালদোর কণ্ঠেও প্রতিপক্ষ নিয়ে বাড়তি একটু শ্রদ্ধা টের পাওয়া গেল, ‘আমার মনে হয় ম্যাচটা ৫০-৫০। ক্রোয়েশিয়া কঠিন একটা দল, ওদের অনেক ভালো খেলোয়াড় আছে। সবাই তো আর স্পেনকে হারাতে পারে না।’
নিজেদের ফর্মটাও পর্তুগালকে খুব একটা আশা দেখায় না। একমাত্র দল হিসেবে কোনো জয় না পেয়েই নকআউট পর্বে উঠেছে। রোনালদোর ফর্মটাই যা একটু আশার আলো। সান্তোস এখন সেদিকেই তাকিয়ে আছেন, ‘রোনালদো গোল করে, দলকে জেতায়। আমি নিশ্চিত, আগের ম্যাচের পারফরম্যান্স ওর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আমাদের জেতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে এটি। আর এখন প্রতিটি ম্যাচই ফাইনাল, ভুল করার কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য শেষ পর্যন্ত যাওয়া।’
তবে এই রোনালদোময় পর্তুগাল ডিয়েগো ম্যারাডোনার ঠিক পছন্দ হচ্ছে না, ‘পর্তুগাল রোনালদোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে গেছে। হাঙ্গেরির সঙ্গে রোনালদো দারুণ খেলেছে, কিন্তু ও ভালো না করলে পর্তুগালের শক্তি অর্ধেক কমে যায়।’
সান্তোস নিশ্চয় চাইবেন আর্জেন্টাইন কিংবদন্তির কথাটা মিথ্যা হোক! রয়টার্স, গোলডটকম।
আজকের খেলা
সুইজারল্যান্ড-পোল্যান্ড
সন্ধ্যা ৭টা
ওয়েলস-উত্তর আয়ারল্যান্ড
রাত ১০টা
ক্রোয়েশিয়া-পর্তুগাল
রাত ১টা