রোনালদোদের 'গার্ড অব অনার' দেবেন না মেসিরা

রোনালদোর ইচ্ছা যে পূরণ হবে না তা জানাই ছিল। ক্লাব বিশ্বকাপ জয়ের পরই বার্নাব্যুতে প্রথম ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচেই প্রতিপক্ষ বার্সেলোনা। এ উপলক্ষে বার্সেলোনার খেলোয়াড়দের কাছ থেকে গার্ড অব অনার পাওয়ার ইচ্ছা জানিয়েছিল রিয়াল। কিন্তু তাদের সে ইচ্ছা পূরণ হচ্ছে না। বার্সেলোনা জানিয়ে দিয়েছে, এমন কোনো কিছু করার ইচ্ছে নেই তাদের।
স্প্যানিশ ফুটবলের রীতি অনুযায়ী, কোনো ক্লাব লিগ শিরোপা আগেই নিশ্চিত করে ফেললে সেই দল মৌসুমের বাকি ম্যাচগুলোয় প্রতিপক্ষের মাঠে ‘গার্ড অব অনার’ পায়। তবে এটি মূলত একটি প্রথা, কোনো বাধ্যগত নিয়ম নয়। লিগের বাইরেও গার্ড অব অনার দেওয়ার কেতা আছে। ২০১৫ সালের জানুয়ারিতে ভ্যালেন্সিয়ার কাছে গার্ড অব অনার পেয়েছিল সেবার ক্লাব বিশ্বকাপ জেতা রিয়াল। ঠিক তার পরের মৌসুমেই বার্সেলোনাকে এই সম্মান দেখিয়েছিল রিয়াল বেটিস, বার্সাও সেবার ক্লাব বিশ্বকাপ জিতে খেলতে নেমেছিল লিগে। তবে গতবার ক্লাব বিশ্বকাপ জিতে লিগে গ্রানাডার বিপক্ষে খেলতে নামে রিয়াল। গ্রানাডাও তাদের গার্ড অব অনার দেয়নি।
বার্সা এর আগে লিগে রিয়ালকে গার্ড অব অনার দিয়েছিল বটে, সেটি লিগে। এর বাইরে কখনো রিয়ালকে তারা গার্ড অব অনার দেয়নি। রিয়াল উয়েফা সুপার কাপ জেতার পর দুই দলের দেখা হয়েছিল গত সুপারকোপা ডি এস্পানাতে। সেখানে রামোসদের এই সম্মান জোটেনি।
এবারও যে সেটা জুটছে না, সেটা বলে দিয়েছেন বার্সেলোনার প্রাতিষ্ঠানিক সম্পর্ক পরিচালক গিয়ের্মো আমোর, ‘আমরা তো পরিষ্কার জানিয়েছি, যখন কোনো প্রতিযোগিতায় অংশ নিই, তখনই শুধু এটা করি আমরা। আমরা যখন এতে অংশ নেব, তখন এটা করব। এ ক্ষেত্রে সেটা তো হচ্ছে না। আমরা রিয়াল মাদ্রিদকে সাফল্যের জন্য অভিনন্দন জানাব। আমরা সেখানে ভালো খেলতে যাব এবং নিজেদেরও চেনাব।’
বার্সার যুক্তিটা হলো, স্প্যানিশ লিগের শেষ ম্যাচের আগেই কোনো দল চ্যাম্পিয়ন হয়ে গেলে এর পরের ম্যাচে প্রতিপক্ষ দল তাদের গার্ড অব অনার দেয়। রিয়াল যেহেতু স্প্যানিশ লিগের নয়, জিতে এসেছে ক্লাব বিশ্বকাপের শিরোপা, এতে তাদের গার্ড অব অনার দেওয়ার তাগিদ নেই।