রোনালদোবিহীন রিয়ালের সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোড়া গোল করেছেন বেল। ছবি: রয়টার্স
জোড়া গোল করেছেন বেল। ছবি: রয়টার্স
>
  • লা লিগায় ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
  • জোড়া গোল করেছেন গ্যারেথ বেল।
  • ম্যাচে ছিলেন না রোনালদো।

ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না, ছিলেন না সার্জিও রামোস। মাঠে নামানো হয়নি ইসকোকেও। তারপরেও যারা যারা ছিলেন, তাদের নিয়ে লা লিগায় লাস পালমাসের বিপক্ষে সহজ জয় তুলে নিতে কোনো সমস্যাই হয়নি রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষের মাঠ গ্রান কানেরিয়ায় ম্যাচটি জিদানের দল জিতেছে ৩-০ গোলে।

রিয়ালের পক্ষে জোড়া গোল করেছেন গ্যারেথ বেল। অপর গোলটি করিম বেনজেমার। ২ গোল করে কোচ জিদানকে একটা বার্তা দিয়ে রাখলেন বেল। আগামী মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে রিয়ালের শুরুর একাদশে বেলকে রাখা-না-রাখা নিয়ে কোচ জিদান কিন্তু একটা চাপ এখন ঠিকই অনুভব করবেন।

ম্যাচের ২৬ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। গোল করেন বেল। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল পালমাস। কিন্তু তাদের তো আর একজন বেল ছিল না! ম্যাচের ৩৯ মিনিটে লুকাস ভাসকেজে পেনাল্টি পায় রিয়াল। সেটি কাজে লাগান বেনজেমা।

দ্বিতীয়ার্ধে মাদ্রিদের রক্ষণে পালমাস আতঙ্ক ছড়িয়েছিল বটে, কিন্তু গোল পায়নি। উল্টো ৫১ মিনিটে আবারও রিয়ালকে পেনাল্টি ‘উপহার’ দেয় তারা। বেল পেয়ে যান নিজের দ্বিতীয় গোলটি। ৬০ ও ৬৭ মিনিটে দুটি সহজ সুযোগ নষ্ট করায় স্কোরলাইন আর বড় করতে পারেনি রিয়াল। এর দায় বেনজেমা-ভাসকেজদের।

পেনাল্টি থেকে গোলের আনন্দ বেনজেমার। ছবি: রয়টার্স
পেনাল্টি থেকে গোলের আনন্দ বেনজেমার। ছবি: রয়টার্স

ম্যাচ হারলেও লাস পালমাসের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। বল দখলের লড়াইয়েও তারা এগিয়ে ছিল। গোলমুখে দুই দলই ১৭টি করে শট নিয়েছে। তবে ফুটবল গোলের খেলা বলেই হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লাস পালমাসকে।

ম্যাচ শেষে বেলকে নিয়েই প্রশ্ন শুনতে হয়েছে জিদানকে। লোকমুখে প্রচলিত, বড় প্রতিপক্ষের বিপক্ষে বেলের প্রতি খুব একটা নির্ভর করতে পারেন না জিদান। কিন্তু এই ওয়েলশ ফুটবলার সর্বশেষ ১১ ম্যাচে প্রথম একাদশে থেকে ১০টিতেই গোল পেয়েছেন। বেলকে আগামী মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে দেখা যাবে কিনা এমন প্রশ্ন এড়িয়েই যেতে চাইলেন এই ফরাসি কোচ, ‘আমি আজ বেলের পারফরম্যান্সে খুব খুশি। মঙ্গলবার আসুক তখন দেখা যাবে, সে জুভেন্টাসের বিপক্ষে প্রথম একাদশে থাকবে কিনা।’

ম্যাচটি নিয়েও খুশি জিদান। তবে নাচোর হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে ভাবাচ্ছে। ম্যাচের প্রথমার্ধেই (২৯ মিনিটে) হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ থেকে তুলে নিতে হয় তাঁকে, ‘ম্যাচের সবকিছুই ভালো ছিল, কেবল নাচোর চোট ছাড়া। চোটটা তাঁকে কষ্ট দিয়েছে। আশা করছি খুব গুরুতর কিছু নয় ওর চোট।’

পালমাসের বিপক্ষে জিতে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন ১। রোববার অ্যাটলেটিকো খেলবে দেপোর্তিভো লা করুনিয়ার সঙ্গে। ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট রিয়ালের।