রোনালদোময় ম্যাচে মেসিদের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত এক গোলের পর রোনালদোর সেই উদ্‌যাপন। গত মৌসুমে লিগে বার্নাব্যুর এল ক্লাসিকোতে গোলের পর মেসি জার্সি খুলে দেখিয়েছিলেন স্বাগতিক দর্শকদের। পরশু ন্যু ক্যাম্পে গোল করে রোনালদো সেটাই যেন দিলেন ফিরিয়ে l এএফপি
দুর্দান্ত এক গোলের পর রোনালদোর সেই উদ্‌যাপন। গত মৌসুমে লিগে বার্নাব্যুর এল ক্লাসিকোতে গোলের পর মেসি জার্সি খুলে দেখিয়েছিলেন স্বাগতিক দর্শকদের। পরশু ন্যু ক্যাম্পে গোল করে রোনালদো সেটাই যেন দিলেন ফিরিয়ে l এএফপি

নামলেন ম্যাচের ৫৮ মিনিটে। লাল কার্ড দেখে উঠে যেতে হলো ৮২ মিনিটের সময়। দেড় ঘণ্টার ম্যাচে ক্রিস্টিয়ানোর রোনালদোর উপস্থিতি মাত্র ২৪ মিনিটের। তাতেই নায়ক তিনি, খলনায়কও, এমনকি ম্যাচেরই সবচেয়ে আলোচিত চরিত্র।

ন্যু ক্যাম্পে পরশুর এল ক্লাসিকোটা পয়সা উশুল করে দিল দর্শকদেরও। এদিকে রোনালদোর গোল, লাল কার্ড। ওদিকে লিওনেল মেসির গোল, বিতর্কিত রেফারিং, জেরার্ড পিকের আত্মঘাতী গোল, নয়টি হলুদ কার্ড—কী ছিল না ম্যাচে! নাটকীয়তায় ঠাসা সেই ম্যাচে ৩-১ গোলে জিতে সুপার কাপ জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

আর বার্সেলোনা? একদিকে নেইমারের শূন্যতা, অন্যদিকে ডিফেন্ডারদের হাস্যকর ভুল মিলিয়ে ঠিক দাঁড়াতেই পারল না রিয়ালের সামনে। ৫০ মিনিটে পিকের আত্মঘাতী গোলে পিছিয়ে যাওয়া বার্সাকে ৭৭ মিনিটে সমতায় ফিরিয়েছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড গোলটি করেছেন পেনাল্টি থেকে, সেটাও এসেছে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে।

মাঠে নামার আগেই বার্সেলোনা সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনেছেন রোনালদো। তারপর ৮০ মিনিটে অসাধারণ এক গোল করে সেই দুয়োর জবাবও দিয়েছেন। কিন্তু এতেও যেন ক্ষোভটা কমছিল না পর্তুগিজ উইঙ্গারের। জার্সি খুলে ধরেন দর্শকদের দিকে। ঠিক যেমন গত মৌসুমে লিগে বার্নাব্যুর এল ক্লাসিকোতে গোলের পর মেসি জার্সি খুলে দেখিয়েছিলেন স্বাগতিক দর্শকদের। রোনালদো সেটাই ফিরিয়ে দিলেন। প্রথম হলুদ কার্ডটা দেখেন ওই জার্সি খোলার কারণেই।

কিন্তু দুই মিনিট পরেই যখন ব্যবধান বাড়াতে যাচ্ছেন রোনালদো, স্যামুয়েল উমতিতির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান বার্সার পেনাল্টি বক্সে। পেনাল্টির আবেদন করতেই উল্টো ডাইভ দেওয়ার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড! যদিও রিপ্লেতে দেখা গেছে সত্যিই ধাক্কা লেগেছিল রোনালদোর। লাল কার্ড দেখে বিস্মিত রোনালদো তো রাগে রেফারির পিঠে হাত দিয়ে ধাক্কা দিয়েই বসেন। প্রতিপক্ষ ১০ জন হয়ে যাওয়ার সুযোগটা বার্সা তো নিতে পারেনি, উল্টো ৯০ মিনিটে মার্কো আসেনসিও অসাধারণ এক গোল করে সুপার কাপের শিরোপা থেকে দূরে ঠেলে দিলেন বার্সাকে।

দুর্দান্ত একটা প্রাক-মৌসুম কাটানোর পর প্রতিযোগিতামূলক ম্যাচে এসেই এমন হোঁচট খেল বার্সা। আর যে রিয়াল প্রাক-মৌসুমে একটা ম্যাচও জেতেনি তারাই উয়েফা সুপার কাপের পর এখন স্প্যানিশ সুপার কাপ জয়ের কাছাকাছি। তবে রিয়াল কোচ জিনেদিন জিদান এখনই এত কিছু নিশ্চিত ধরে নিতে রাজি নন, ‘এই ম্যাচের ফলটা নিয়ে আমরা খুবই খুশি। তবে বুধবারের ম্যাচটা এখনো বাকি। তার আগে কিছু বলা যাচ্ছে না। আমরা আজকের (কাল) রাতটা উপভোগ করব, কাল (আজ) থেকেই বুধবারের জন্য প্রস্তুতি শুরু করব।’

হাল ছাড়ছেন না বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে, ‘স্কোরলাইন যে রকম দেখাচ্ছে, আমরা আসলে এত বাজে নই। এখনো পরের লেগটা বাকি। এক হারেই সব শেষ হয়ে যায় না।’ তবে কোচের মতো এতটা আশাবাদী মনে হচ্ছে না বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটসকে, ‘এখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। ওরা (রিয়াল মাদ্রিদ) আমাদের কাজটা খুবই কঠিন করে দিয়েছে, প্রায় অসম্ভব।’ এএফপি, রয়টার্স।