রোনালদোর অন্যরূপ

‘রোনালদো উদ্ধত, রোনালদো স্বার্থপর’—তাঁর সম্পর্কে এ ধরনের কথাই সবচেয়ে বেশি শোনা যায়। অথচ মানবতার ডাকে সাড়া দেওয়ার বেলায় অন্য যেকোনো ক্রীড়াবিদের চেয়ে এগিয়ে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছুদিন আগেই এক সমীক্ষায় দেখা গিয়েছিল, দাতব্য কাজে ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড। নিজের কোমল মনের পরিচয় রোনালদো আবারও দিলেন শুক্রবার। লেবাননের এক শিশুর স্বপ্ন পূরণ করে।
১২ নভেম্বর লেবানন কেঁপে উঠেছিল দুটি আত্মঘাতী বোমা হামলায়। যে হামলায় প্রাণ হারিয়েছিল ৪৪ জন। উদ্ধার কার্যক্রম চলাকালেই খোঁজ মিলল হায়দার মোস্তফা নামে এক শিশুর। তিন বছরের ওই শিশুও বোমা হামলায় আহত হয়েছিল। প্রাণে বাঁচলেও যে হামলায় সে হারায় মা-বাবা দুজনকেই। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে আহত হায়দার শুয়ে আছে হাসপাতালের বিছানায়, এমন দৃশ্য নাড়া দিয়েছিল সবাইকে। তখনই জানা গিয়েছিল সব হারানো শিশুটির স্বপ্ন—প্রিয় তারকা রোনালদোর সঙ্গে দেখা করা। এরপর থেকেই তার ওই স্বপ্ন পূরণের চেষ্টা করেছে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত রোনালদো সেটি সত্যি করলেনও।
গতকাল রিয়ালের তাদের অফিশিয়াল ওয়েবসাইট ও টুইটার পেজে কিছু ছবি প্রকাশ করেছে। সেখানেই দেখা গেল, হায়দার আবারও গায়ে চাপিয়েছে রিয়ালের জার্সি। তাতে হায়দারের নামও লেখা, জার্সি নম্বর রোনালদোর ‘৭ ’। আর স্যুট পরা রোনালদো তাকে জড়িয়ে ধরে ছবি তুলছেন।
এখানেই শেষ নয়। রোনালদো আর রিয়াল মিলে হায়দারকে উপহার দিয়েছে স্বপ্নের চেয়েও বেশি কিছু। সান্তিয়াগো বার্নাব্যুতে বসে রিয়ালের খেলা দেখার সুযোগ পাচ্ছে হায়দার। রোববার রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচটিতেই মাঠে থাকবে সে। এএফপি।