রোনালদোর অ্যানফিল্ড জয়

খেলার শুরুটা কিন্তু লিভারপুলের জন্য আশাজাগানিয়াই ছিল। রিয়ালের পাসিং ফুটবলকে কাবু করতে প্রথম থেকেই গতিময়তার যে কৌশল ব্রেন্ডন রজার্স নিয়েছিলেন, সেটাকে লাগসইই মনে হচ্ছিল। রাহিম স্টার্লিংয়ের গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে কিছুটা হিমশিমই খাচ্ছিল রিয়াল রক্ষণব্যূহ, অভিজ্ঞ স্টিভেন জেরার্ড ৩০ গজ দূর থেকে এক দারুণ মাটি কামড়ানো শট নিয়ে ভড়কে দিয়েছিলেন ইকার ক্যাসিয়াসকে। কিন্তু শেষ অবধি লিভারপুল হার মানল ওই ক্রিস্টিয়ানো রোনালদোর কাছেই। ২৩ মিনিটে অ্যানফিল্ডে তাঁর প্রথম গোলই ভেস্তে দিল লিভারপুলের সব পরিকল্পনা। ম্যাচটাও যেন কীভাবে কীভাবে চলে এল রিয়াল মাদ্রিদের নিয়ন্ত্রণে। যে গতি আর উদ্যম নিয়ে শুরুটা করেছিল লিভারপুল, সেটা যেন এক ফুঁৎকারেই উবে গেল বাতাসে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই করিম বেনজেমার পা থেকে আসা আরও দুটো গোল প্রিভিউয়ে অনেক ‘হাইপ’ তোলা ম্যাচটিকেও পরিণত করল একপেশে, ম্যাড়মেড়ে এক লড়াইয়ে। লিভারপুলও ৩-০ গোলে হেরে গিয়ে যেন প্রমাণ করে দিল আগের দিনের কথাটাই, খেলাটা রিয়াল নয় রোনালদোর সঙ্গেই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের রানার্সআপদের।
অ্যানফিল্ডে নিজের আরাধ্য গোলটি পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়নস লিগে নিজের সত্তরতম গোলটি করে ফেললেন রোনালদো। ইউরোপ-সেরা লড়াইয়ের সর্বকালের সেরা গোলদাতা রাউলের চেয়ে তিনি পিছিয়ে মাত্র এক গোলে। রেকর্ডটা আজ হোক, কাল হোক তাঁর হয়ে যাবেই। এরপর তাঁর লড়াইটা জমে যাবে লিওনেল মেসির সঙ্গে। চ্যাম্পিয়নস লিগে সর্বকালের সেরা গোলদাতা হওয়ার এই দৌড়ে মেসি ৬৯ গোল নিয়ে রোনালদোর ঘাড়ে গরম নিঃশ্বাসই ফেলে চলেছেন।
২৩ মিনিটে রোনালদোর গোলটি ছিল দুর্দান্ত। একে তো অ্যানফিল্ডে প্রথম গোল, তার ওপর সেই গোলে মিশে আছে ব্যক্তিগত কারিশমার অপূর্ব সংশ্লেষ। পেপে ও বেনজেমার সঙ্গে ছোট্ট দুটি পাস খেলেই তিনি বল বাড়ান হামেস রদ্রিগেজের কাছে। রদ্রিগেজ বলটি ধরার আগেই তিনি পৌঁছে যান লিভারপুল রক্ষণব্যূহের একেবারে মাথায়। তরুণ রদ্রিগেজ অবশ্য বাকিটা করেন পরিকল্পনা-মাফিকই। লিভারপুলের দুই ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে বলটি আস্তে করে ফেলেন ওই রোনালদোর পায়েই। ডিফেন্ডারদের আবরণে থেকেও ডান পায়ের আলতো ছোঁয়ায় তিনি বল জড়িয়ে দেন লিভারপুলের জালে।
দারুণ এই গোলটির সঙ্গে সঙ্গেই খেলাটিও যেন রিয়াল মাদ্রিদের হাতে তুলে দেয় লিভারপুল। রিয়াল দ্বিতীয় গোলটি পায় প্রথম গোলের সাত মিনিট পর, ৩০ মিনিটের মাথায়। বাঁ প্রান্ত থেকে টনি ক্রুসের লবকে হেড করে গোলে পরিণত করেন করিম বেনজেমা। ৪০ মিনিটের সময় বেনজেমার পা থেকে আসা তৃতীয় গোলেই খেলাটার সব আকর্ষণ মিইয়ে যায়।
লিভারপুলের মাঠে নিজের প্রথম গোলটিকে ‘বিশেষ কিছু’ই মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়েছেন, এই গোলে তিনি দারুণ আনন্দিত।
অ্যানফিল্ডে গোল করাটাকে সব সময়ই বিশেষ কিছু হিসেবে মেনে এসেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময়ও পাঁচবার অ্যানফিল্ডে খেলেও গোলখরা তাঁর পিছু ছাড়েনি। কাল এই গোলটি যে তাঁকে যথেষ্ট তৃপ্তি দিয়েছে, সেটা বোঝা যাবে তাঁর কথাতেই। তবে তিনি সবচেয়ে বেশি তৃপ্ত রিয়ালের অ্যানফিল্ড জয়েই, ‘অ্যানফিল্ড সব সময়ই কঠিন একটা জায়গা। কিন্তু প্রথম ৪৫ মিনিটেই দারুণ খেলে আমরা ম্যাচটা বের করে নিয়েছি। তৃপ্তির জায়গাটা এটাই।’
চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটা যে কোনো একদিন তাঁরই হবে, সেটা জেনেই মেসিকে লড়াইয়ের আগাম আমন্ত্রণটাও কী জানিয়ে রাখলেন রোনালদো? ‘আমি জানি এই রেকর্ড আমি ভাঙবই। এই রেকর্ড তো মেসিও তাড়া করছে।’
তবে রেকর্ড-টেকর্ডের চেয়ে দলের জয়টাই তাঁর কাছে বড়, ‘আমি রেকর্ড নিয়ে একেবারেই ভাবছি না। আমার কাছে মূল ব্যাপার হচ্ছে দলের জয়ই। স্বস্তির বিষয় হচ্ছে দল আজকের ম্যাচটা জিতে প্রাপ্য ৯ পয়েন্টই নিজেদের করে নিয়েছে।’
লিভারপুল ম্যানেজার রজার্স স্বীকার করেছেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচটা তাঁদের জন্য বিরাট এক শিক্ষা হয়েই থাকবে। তিনি রিয়াল মাদ্রিদকে অসাধারণ দল হিসেবেই অভিহিত করেছেন, ‘এটা তো আগেই বলেছি, দলটা অসাধারণ। তাদের বেশ কিছু খেলোয়াড় আছে, যারা আসল সময়ই জ্বলে ওঠে। এরা সবাই বড় ম্যাচের খেলোয়াড়। গোটা দলটার মান সত্যিই অন্য মাত্রার।’
রজার্স সোজা-সাপটাই জানিয়েছেন, রোনালদোর প্রথম গোলটিই তাঁদের খেলা থেকে দূরে ঠেলে দিয়েছে, ‘প্রথম গোলটা খেয়ে পুরো দলই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল। যার ফলে আমাদের হজম করতে হয়েছে আরও দুটো গোল। প্রথম গোলটিই খেলাটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। সূত্র: এএফপি।