রোনালদোর আগামীর পাঁচ

ভবিষ্যতের ফুটবল তারকা হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো বেছে নিয়েছেন মার্টিন ওডেগার্ড, এডেন হ্যাজার্ড, মেম্ফিস ডিপাই, পল পগবা ও নেইমারকে
সাত বছর ধরে পুরস্কারটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বাইরে কেউ ব্যালন ডি’অর পাবেন, সে রকম সম্ভাবনাও আপাতত নেই। কিন্তু একসময় তো বরমাল্যটা এই দুজনের বাইরে অন্যদের গলায় ঝুলবেই, কারা হবেন সেই ভাগ্যবান? রোনালদো আলাদা করে বললেন পাঁচজনের কথা।
এই পাঁচজনের একজনই শুধু রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ। ডেনমার্কের বিস্ময়বালক মার্টিন ওডেগার্ডের বয়স মাত্র ১৬, রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। তবে কাছ থেকে দেখেছেন বলেই হয়তো ওডেগার্ডকে রোনালদো আলাদা করে প্রশংসাপত্র দিলেন, ‘সম্ভাবনাময় অনেকেই এখন খেলছে, তবে আমি ওডেগার্ডের নামটা বলব। ওর বয়স এখনো মাত্র ১৬, কিন্তু সে খুবই ভালো একজন খেলোয়াড়।’
বাকি চারজন অবশ্য অভিজ্ঞতায় বেশ এগিয়ে। নিজ নিজ ক্লাবেও তাঁরা এরই মধ্যে আলো ছড়িয়েছেন। বার্সেলোনায় মেসির শূন্যতাটা যেমন অনেকখানিই ঢেকে দিয়েছেন নেইমার। চেলসির এডেন হ্যাজার্ডের ফর্মটা একটু খারাপ যাচ্ছে, তবে গত মৌসুমে বেলজিয়ান উইঙ্গার প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হয়েছিলেন। জুভেন্টাসের পল পগবা এরই মধ্যে বিশ্বসেরা মিডফিল্ডারদের একজন। ম্যানচেস্টার ইউনাইটেডের মেম্ফিস ডিপাইও রোনালদোর সাত নম্বর জার্সি গায়ে চড়িয়েছেন। রোনালদো মনে করিয়ে দিলেন, ‘হ্যাজার্ডের কথাই ধরুন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাত নম্বর মেম্ফিস ডিপাইও ভালো খেলোয়াড়। এর সঙ্গে পগবা, হয়তো নেইমারের নামও বলতে হবে।’ মেইল অনলাইন।