রোনালদোর আগের সেরা ৫ 'বাইসাইকেল গোল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর সেই গোল, যা সবাইকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে কাল। ছবি: এএফপি
রোনালদোর সেই গোল, যা সবাইকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে কাল। ছবি: এএফপি

‘এমন গোলের জন্য টুপি খুলে অভিবাদন জানাতেই হয়।’ 

মাথায় টুপি ছিল না, তাই জিনেদিন জিদানের পক্ষে টুপি খোলা অভিবাদন জানানো সম্ভব ছিল না। তবে অভিব্যক্তিতেই বুঝিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর বাইসাইকেল গোলটা কেমন লেগেছে তাঁর। জিদানের চোখে ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা গোল এটি। এমন দুর্দান্ত বাই সাইকেল কিক তো সহসা দেখা যায় না! নিজের চেয়ে দেড় ফুট উচ্চতার একটা বলকে যেভাবে জালে পাঠিয়েছেন রোনালদো সেটা রিয়াল মাদ্রিদ ও চ্যাম্পিয়নস লিগের লোকগাথার অংশ হয়ে থাকবে।
গত মৌসুমে এই চ্যাম্পিয়নস লিগের ফাইনালেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত এক বাই সাইকেল কিকে গোল করেছিলেন মারিও মানজুকিচ। কাল যেন তারই শোধ বোধ করলেন রোনালদো। দুজনের এ দুই বাইসাইকেল গোল স্মৃতিতে তাজা থাকতে থাকতেই চলুন দেখে ফেলা যাক নিকট অতীতের সেরা সব বাইসাইকেল কিক—

অস্কারিন মাসুলুকে (প্রতিপক্ষ অরল্যান্ডো পাইরেটস)
২০১৭ সালের বর্ষসেরা গোল (পুসকাস অ্যাওয়ার্ড) এর জন্য মনোনয়ন পেয়েছিলেন এই গোলরক্ষক। কেন? কারণ মাসুলুকের গোলটি ছিল অবিশ্বাস্য সুন্দর। ৯৫ মিনিটেও পিছিয়ে ছিল তাঁর দল বারোকা এফসি। এ সময় কর্নার পাওয়ায় উঠে আসেন মাসুলুকে। কর্নারটা কাজে লাগাতে পারেননি কেউ। বলটা যখন ডি-বক্স থেকে প্রায় বের হয়ে যাচ্ছিল ঠিক তখন লাফিয়ে উঠলেন মাসুলুকে। দুর্দান্ত এক বাই সাইকেল কিকে দূরের কোনায় বল পাঠালেন। সে গোল দেখে রোনালদোও বলেছিলেন এবারের পুসকাস পেতে পারতেন মাসুলুকে। হ্যারি কেনও অলিভিয়ের জিরুর স্করপিয়ন নয়; মাসুলুকের বাইসাইকেলকেই এগিয়ে রেখেছিলেন।

মাউরো ব্রেসান (প্রতিপক্ষ বার্সেলোনা)

নামটা অপরিচিত ঠেকতে পারে। কিন্তু দাবি করা হয়, ২০০২ চ্যাম্পিয়নস লিগে জিদানের ভলির আগে এই ইতালিয়ান মিডফিল্ডারের বাইসাইকেলই ছিল টুর্নামেন্টের ইতিহাসের সেরা গোল। ডি-বক্সেরও অনেক বাইরে এলোমেলো একটি বল এসেছিল ব্রেসানের কাছে। অমন এক জায়গা থেকে গোল খাওয়ার কথা দুঃস্বপ্নেও ভাবেন না কেউ। কিন্তু ১৯৯৯ সালের ২ নভেম্বর দিনটা স্মরণীয় করে রাখার ইচ্ছে জাগল ব্রেসানের। সবাইকে হতচকিত করে নিলেন দুর্দান্ত এক বাইসাইকেল। ডান পোস্ট ছুঁই ছুঁই শটটা ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি বার্সেলোনা গোলরক্ষক।

রোনালদিনহো (প্রতিপক্ষ ভিয়ারিয়াল)

২০০২ বিশ্বকাপে ডেভিড সিম্যানকে ৪০ গজ দূর থেকে বোকা বানিয়েছেন। ২০০৫ চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে সময় থমকে দেওয়া একটি গোলও ছিল তাঁর। কিন্তু লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে করা এই গোলকে নিজের স্বপ্নে গোল বলে দাবি করেছেন রোনালদিনহো। প্রতিপক্ষের ডি-বক্সে বল জাভির কাছ থেকে বল পেয়ে বুক দিয়ে নামালেন। তারপর বলে শট না নিয়ে নিজেই উল্টো ঘুরে গেলেন। দেহটা শূন্যে ভাসিয়ে ডান পায়ের বাইসাইকেল। গোলরক্ষক হতভম্ব হয়ে দেখলেন বল কখন জানি বাঁ পোস্ট ঘেঁষে জালে আশ্রয় নিয়েছে!

জ্লাতান ইব্রাহিমোভিচ (প্রতিপক্ষ ইংল্যান্ড)

যোগ করা সময়ের খেলা চলছিল। ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকও হয়ে গেছে ইব্রাহিমোভিচের। দলের জয়ও প্রায় নিশ্চিত ততক্ষণে। এমন অবস্থায় মাঠের ডান প্রান্তে বল পেলেন সুইডিশ তারকা। বল নিয়ে এগিয়ে যাবেন নাকি ইংলিশ গোলরক্ষকের এগিয়ে আসার জন্য অপেক্ষা করবেন সেটাই ভাবছিলেন। জো হার্টকে এগিয়ে আসতে দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন। শরীরকে ঘুড়িয়ে ওভার হেড কিক। বড় একটা লুপ নিয়ে বল ঠিকই জায়গা করে নিল জালে। ৩৫ গজ দূর থেকে বাইসাইকেল গোল! এটি ইতিহাসের সেরা গোল না হওয়ার একটাই কারণ, হার্ট। ইংলিশ গোলরক্ষক বোকামি না করলে হয়তো কখনোই এ গোলের জন্ম হতো না।

রিভালদো (প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া)

২০০০-০১ মৌসুমের শেষ লিগ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগ খেলতে চাইলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততেই হতো বার্সেলোনাকে। দলকে দুবার এগিয়ে দিয়েছিলেন রিভালদো। দুবারই সমতা ফিরিয়েছে ভ্যালেন্সিয়া। ৮৯ মিনিটে ফ্রাঙ্ক ডি বোর অনেক আশা নিয়ে একটা ক্রস পাঠালেন ডি-বক্সের ঠিক ওপরে দাঁড়ানো রিয়ালদোর কাছে। গোল থেকে উল্টো মুখ করে দাঁড়ানো রিভালদো যে কিছু করতে পারবেন সেটা বোধ হয় ডি বোরও আশা করেননি। বুক দিয়ে বলটা নিয়ন্ত্রণে নিয়ে মাথার ওপরে তুললেন। এরপর কাগুজে-কলমে নিখুঁত এক বাইসাইকেল কিক। হয়ে গেল হ্যাটট্রিক আর সে সঙ্গে দলের চ্যাম্পিয়নস লিগ যাত্রাও নিশ্চিত!