রোনালদোর ইউরো রেকর্ড

যেখানেই হাত দিচ্ছেন, সোনা ফলছে। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে এখন এমনই সুসময়! ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক রেকর্ড ভেঙেচুরে নতুন করে গড়ছেন। যেন ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন রিয়াল উইঙ্গার। একই ধারাবাহিকতা দেখা গেল পর্তুগালের হয়েও। তাঁর একমাত্র গোলেই পরশু রাতে আলগ্রেভ স্টেডিয়ামে আর্মেনিয়াকে হারিয়েছে পর্তুগাল, একটা নতুন রেকর্ডও গড়া হয়ে গেছে রোনালদোরও। ২৩ গোল নিয়ে ইউরোর বাছাইপর্ব ও মূলপর্ব মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন পর্তুগিজ উইঙ্গার।

গত মাসে ইউরোর বাছাইপর্বে ডেনমার্কের বিপক্ষে গোল দিয়েই ছুঁয়েছিলেন এত দিন ধরে রেকর্ডের মালিক সাবেক ডেনিশ ফরোয়ার্ড জন ডাল টমাসন ও তুরস্কের হাকান সুকুরকে। পেরিয়ে যেতেও যে খুব বেশি দিন লাগবে না—এটা অনুমিতই ছিল। পরশু ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় রোনালদোর উচ্ছ্বাসেও তাই বাড়াবাড়ি নেই খুব একটা, ‘আমি তো জানতামই এ রেকর্ডটাও আগে-পরে আমারই হবে। বাছাইপর্বে আমি আরও অনেকগুলো ম্যাচ খেলব, সুতরাং এ রেকর্ড নিয়ে মোহাচ্ছন্ন ছিলাম না। তবে হ্যাঁ, আমি খুশি কারণ রেকর্ডটা হয়েছে পর্তুগালে, আমাদের সমর্থকদের সামনে। সে জন্য আমার কাছে এটা বিশেষ মুহূর্ত।’
ক্লাব ও দেশের হয়ে এ মৌসুমে এ পর্যন্ত ২৫ গোল করা রোনালদোর জন্য রেকর্ড এখন নৈমিত্তিক ব্যাপার হতে পারে। তবে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস কিন্তু উচ্ছ্বসিত তাঁর অধিনায়কের অর্জনে, ‘এটা তার জন্য তো বটেই, জাতীয় দলের জন্য, দেশের জন্য, এমনকি ওর কোচ হিসেবে আমার জন্যও বিশেষ কিছু।’

ন্যূনতম ব্যবধানের জয়, কিন্তু তাতেই ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল। পরশু রাতেই সার্বিয়াকে ৩-১ গোলে হারানোর পর ৭ পয়েন্ট লিগে গ্রুপের শীর্ষে ডেনমার্ক। তবে ডেনিশরা একটা ম্যাচ বেশি খেলেছে পর্তুগালের চেয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তাই মূল পর্বে জায়গা করে নিতে পারবেন বলে আশাবাদী রোনালদো, ‘আমরা একটা ম্যাচ কম খেলেছি। সেটা জিতলে আমরাই শীর্ষে উঠে যেতে পারব।’
একই রাতে জিব্রাল্টারকে ৪-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট জার্মানদের। জর্জিয়াকে ৪-০ গোলে হারিয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানে রয়েছে পোল্যান্ড। নুরেমবার্গে জার্মানির হয়ে জোড়া গোল করেছেন টমাস মুলার, একটা গোল করেছেন মারিও গোটশে। তিনটি গোলই প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে একটা আত্মঘাতী গোল করেছে জিব্রাল্টার। তবে বড় জয়ের পরও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট নন জার্মান কোচ জোয়াকিম লো, ‘আমি খুশি নই, কারণ ৪-০ গোলের জয় যথেষ্ট নয়। আমরা অনেক কম গোল করেছি।’ উয়েফা, এএফপি।