রোনালদোর ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

আশা জাগিয়েও লা লিগার শিরোপা আসেনি, পরশু রাতটা ক্রিস্টিয়ানো রোনালদো বেশি দিন মনে রাখতে চাইবেন না। তবে পরশু নিজেকে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছেন। টানা ছয় মৌসুমে অন্তত ৫০ গোল করা প্রথম ফরোয়ার্ড এখন রোনালদো!
গোলের হাফ সেঞ্চুরি হয়ে গেছে পরশু ম্যাচের সাত মিনিটেই। পরে ২৫ মিনিটে দেপোর্তিভোর জালে আরেকবার বল ঢুকিয়ে রোনালদো পেয়ে গেছেন নিজের ৫১তম গোলটিও। এই মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের গোল ৩৫টি, চ্যাম্পিয়নস লিগে ১৬টি। চ্যাম্পিয়নস লিগে গোল বাড়ানোর সুযোগ এখনো আছে, ২৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অ্যাটলেটিকোর মুখোমুখি রিয়াল।
তবে পরশু জিদানের কপালে একটু ভাঁজই ফেলে দিয়েছিলেন রোনালদো। প্রথমার্ধে পায়ে চোট পেয়েছিলেন, দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামেননি। ম্যাচ শেষে অবশ্য রোনালদো আশ্বস্ত করেছেন দলকে, চোট গুরুতর নয়।
২০০৯-১০ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাম লিখিয়েছিলেন রিয়ালে। দ্বিতীয় মৌসুমেই করেছিলেন ৫৩ গোল। এর পরের তিন মৌসুমে ৬০, ৫৫ ও ৫১ গোল করেছিলেন। আর সবচেয়ে বেশি ৬১ গোল করার কীর্তি গত মৌসুমে। ইএসপিএন।