রোনালদোর উত্তরসূরিদের হারিয়ে দিয়েছে মেসির উত্তরসূরিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টাইন যুবাদের উল্লাস। ছবি : টুইটার
আর্জেন্টাইন যুবাদের উল্লাস। ছবি : টুইটার
>পোলান্ডে চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। আগামী দিনের ফুটবল তারকারা মাঠ মাতাচ্ছেন। টুর্নামেন্টে ভালোই ফর্মে আছেন আর্জেন্টিনার যুবারা। গতকাল রাতে পর্তুগালকে ২-০ গোলে হারিয়েছেন তাঁরা।

ভেবে দেখুন তো, বিশ্বকাপের গ্রুপপর্বেই দেখা হয়ে গেল মেসির আর্জেন্টিনা আর রোনালদোর পর্তুগালের। কেমন হবে? ফুটবলপ্রেমীদের এই স্বপ্ন বড়দের বিশ্বকাপে এখনো পূরণ না হলেও ছোটদের বিশ্বকাপে ঠিকই পূরণ হয়েছে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে একই গ্রুপে পড়েছেন মেসি আর রোনালদোর উত্তরসূরিরা। আর সে লড়াইয়ে গতকাল পর্তুগালকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা।

টুর্নামেন্টে এটা আর্জেন্টিনার দ্বিতীয় জয় ছিল। এই নিয়ে গ্রুপ পর্বে দুই ম্যাচে দুই জয় তাদের। প্রথম ম্যাচে ৫-২ গোলে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করেছিলেন আর্জেন্টিনার যুবারা। নিজেদের প্রথম ম্যাচে জিতেছিল পর্তুগালও। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছিল তারা। দুই দলের মধ্যকার কালকের ম্যাচটা তাই ছিল গ্রুপের শীর্ষে ওঠার সিঁড়ি। সে সিঁড়ি ঠিকঠাক বেয়ে উঠত পারল আর্জেন্টিনাই।

ম্যাচের প্রথম গোল করেন ৯ নম্বর জার্সিধারী সান লরেঞ্জোর স্ট্রাইকার অ্যাডোলফো গাইচ। দুরূহ এক কোণ থেকে একজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে গোল করেন তিনি। দ্বিতীয় গোলটা করেন অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার ও এই আর্জেন্টিনা দলের অধিনায়ক নেহুয়েন পেরেজ। এই দুই ম্যাচে পেরেজ দেখিয়ে দিয়েছেন, কেন ডিয়েগো সিমিওনের মতো কোচ তাঁকে আগেভাগে দলে ভিড়িয়েছেন। একটা গোলও শোধ করতে পারেনি পর্তুগাল। পর্তুগাল যুবাদের মূল ভরসা স্ট্রাইকার ফ্রানসিস্কো ত্রিনকাও প্রথম ম্যাচে গোল পেলেও এই ম্যাচে করতে পারেননি। এই ত্রিনকাওকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাস।

দুই ম্যাচে দুই জয়, সঙ্গে সাত গোল দেওয়া আর্জেন্টিনার খেলোয়াড়রা বেশ ফর্মে আছেন। দুই জয় নিয়ে আর্জেন্টিনা পরের রাউন্ডে প্রায় চলেই গিয়েছে, ধরে নেওয়া যায়। গ্রুপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার যুবারা লড়বে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। ওদিকে শেষ ম্যাচে পর্তুগাল খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।