রোনালদোর এক ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর গোলটাই পেয়ে গেলেন কারেসমা। গোলের পর আলিঙ্গনাবদ্ধ পর্তুগালের জয়ের দুই নায়ক l এএফপি
রোনালদোর গোলটাই পেয়ে গেলেন কারেসমা। গোলের পর আলিঙ্গনাবদ্ধ পর্তুগালের জয়ের দুই নায়ক l এএফপি

‘ঈশ্বর চাননি আমরা পরের রাউন্ডে যাই, মনে হচ্ছে আমরা যেন অভিশপ্ত!’
আক্ষেপ হয়ে ঝরল দামোগাই ভিদার কথাগুলো। তবে আর কীই-বা বলতে পারতেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার? পর্তুগালের বিপক্ষে পরশু নির্ধারিত সময় পেরিয়ে ১১৭ মিনিটে প্রতি-আক্রমণে গোল খেয়ে ইউরো থেকে বাদ পড়ল ক্রোয়েশিয়া, ভিদাদের তো এমন হতাশাতেই ডুবে থাকার কথা।
লেঁসে পরশু ম্যাচটি যতটা রোমাঞ্চ ছড়াবে বলে আশা করা গিয়েছিল, সেটির লেশমাত্রও ছিল না। পুরো ম্যাচে গোলে প্রথম শটই হলো ওই ১১৭ মিনিটে এসে! সব মিলিয়ে এই ইউরোতে সবচেয়ে ম্যাড়মেড়ে ম্যাচের ‘প্রতিযোগিতা’য় এগিয়ে থাকবে ম্যাচটি, নির্ধারিত ৯০ মিনিটেও গোলে শট না হওয়ার রেকর্ড যে এই প্রথম।
নকআউট ম্যাচের চাপেই হয়তো দুই দলই ঢুকে যায় অতিসতর্কতার খোলসে। কিন্তু ম্যাড়মেড়ে ম্যাচটাতেও বল দখলে, শট নেওয়ায় পর্তুগালের চেয়ে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। সেই ক্রোয়েশিয়াই বাদ পড়ল ১১৭ মিনিটে প্রতি-আক্রমণে গোল খেয়ে। ক্রোয়াট কোচ আন্তে চাচিচ স্বাভাবিকভাবেই হতাশ, ‘ফুটবল সব সময় ন্যায্য ফল দেয় না। অনেক সুযোগ পেয়েছি আমরা, পুরো ম্যাচে দাপটও দেখিয়েছি। সেরা দলটা সব সময় জেতে না। আজ এটাই হয়েছে।’
কিন্তু পর্তুগালের এতে কী এসে যায়? রেকর্ড গড়েই তো ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এ নিয়ে টানা ছয়বার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় সেরা আটে পৌঁছাল পর্তুগাল, অন্য কোনো দলের যে কীর্তি নেই। তবে পরশু তাদের খেলাটা এই কীর্তির মতো উজ্জ্বল ছিল না। সেটি রোনালদো নিজের মতো করে খেলতে পারেননি বলে। কোচ ফার্নান্দো সান্তোসের রক্ষণাত্মক কৌশলের কারণেই হয়তো প্রথমার্ধে রোনালদোর পায়ে বলই গেছে মাত্র ১৯ বার।
স্কোরশিট রিকার্দো কারেসমাকে নায়ক বলতে পারে, কিন্তু অনুজ্জ্বল দিনেও কয়েক সেকেন্ডের ঝলকে পর্তুগালের নায়ক ওই রোনালদোই। যে প্রতি-আক্রমণে গোল পেল পর্তুগাল, তাতে বড় অবদান বদলি নেমে দলে নতুন প্রাণ সঞ্চার করা রেনাতো সানচেজের, তবে সেটির শুরু রোনালদোর পায়েই। শেষও হতো তাঁর পায়েই, কিন্তু ক্রোয়াট গোলকিপার সুবাচিচ বঞ্চিত করেন পর্তুগাল অধিনায়ককে। ফিরতি বল গিয়ে পড়ে গোললাইনের সামনেই দাঁড়ানো কারেসমার কাছে। ৩২ বছর বয়সী উইঙ্গারের আলতো হেডই ঠিক করে দিল, কোয়ার্টারে পোল্যান্ডের সঙ্গে খেলছে পর্তুগাল।
শুধু কোয়ার্টারই নয়, পর্তুগালের এখন ফাইনাল খেলার সম্ভাবনাও আরও বাড়ল। শেষ ষোলোর ড্রতে যে অপেক্ষাকৃত ‘সহজ’ দিকে পড়েছেন রোনালদোরা। তাতে সবচেয়ে বড় বাধা ভাবা হচ্ছিল এই ক্রোয়েশিয়াকে। ক্রোয়াট কোচ চাচিচও তাই বলছেন, ‘আমার মনে হচ্ছে, পর্তুগালই এখন ফাইনালে ওঠার জন্য সবচেয়ে ফেবারিট।’
রোনালদোরাও কি ডাকটা শুনতে পাচ্ছেন? এএফপি, গোলডটকম।