রোনালদোর একারই পাঁচ গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিশ্বাস্য রোনালদো! ছবি: এএফপি
অবিশ্বাস্য রোনালদো! ছবি: এএফপি

সময়টা ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। ভালো যাচ্ছিল না রোনালদোরও। টানা ২২ ম্যাচ জিতে ২০১৪ শেষ করা রিয়াল এ বছর হেরে বসেছে পাঁচটি ম্যাচে! রোনালদোও এ বছর করেছিলেন মাত্র ৬ গোল। দীর্ঘ সময় পর লিগের শীর্ষস্থান বার্সেলোনার কাছে সঁপে দিয়েছে রিয়াল। এ বছরের সেরা স্ট্রাইকারের পরিসংখ্যানে মেসি হয়েছেন এক নম্বর, রোনালদো নাকি ২৯তম!
রাগের ফুঁসতে থাকা রোনালদো নামের আগ্নেয়গিরির বিস্ফোরণটা আজ ঘটেই গেল। ভিসুভিয়াসের চেয়েও এই বিস্ফোরণ ভয়ংকর। রোনালদো একাই করলেন পাঁচ গোল। গ্রেনাডাকে ৯-১ গোলে হারাল রিয়াল। এটাই এই মৌসুমে রিয়ালের সবচেয়ে বড় জয়। এই জয়েও অবশ্য বার্সাকে টপকে যেতে পারল না রিয়াল। পয়েন্ট ব্যবধান কেবল নামিয়ে আনল একে। আজ রাতে বার্সা সেল্টা ভিগোকে হারালে সেই ব্যবধান আবার চারে চলে যাবে। তবে রোনালদো কিন্তু ঠিকই টপকে গেলেন লিওনেল মেসিকে।
লিগের এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন আবার, সেটিও ব্যবধানটি বিস্তর বাড়িয়ে নিয়ে। রোনালদোর গোল ৩৬টি, মেসির ৩২। লা লিগার সর্বকালের সর্বোচ্চ হ্যাটট্রিকের তালিকাতেও ধরে ফেললেন মেসিকে। মেসির হ্যাটট্রিক ২৪টি, আজ রোনালদোরও তা-ই। এর আগে ক্যারিয়ারে একাধিকবার চার গোল করেছেন। তবে এই প্রথম ক্যারিয়ারে পাঁচ গোল করলেন রোনালদো। মেসিরও এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি আছে, সেটি অবশ্য চ্যাম্পিয়নস লিগে।
মেসিরটা চ্যাম্পিয়নস লিগের রেকর্ড হলেও লা লিগায় এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটা ছুঁতে পারেননি রোনালদো। সাত গোল করার কীর্তি যে আছে অগাস্তিন আরানা আর লাজলো কুবালার। এর মধ্যে কুবা​লার কীর্তিটাই সর্বশেষ, সেটিও ১৯৫২ সালের ঘটনা। এই যুগের ফুটবলে এক ম্যাচে কারো পক্ষে সাত-আট গোল করা সম্ভব? মেসি-রোনালদো যতদিন খেলবেন, ততদিন প্রশ্নটির উত্তর জোরালোভাবে ‘না’ও বলা যাচ্ছে না।
এই ম্যাচে গ্রেনাডা যে গোলবন্যায় ভাসবে, সেটা ২৫ মিনিটেও বোঝা যাচ্ছিল না। প্রথম গোলটার দেখা পেতে ম্যাচের সিকিভাগ ব্যয় করতে হয়েছে রিয়ালকে। তবে লুকা মডরিচের পর হামেস রদ্রিগেজকেও দলে ফিরে পেয়ে উজ্জীবিত রিয়াল এর পরই ম্যাচটা এক তরফা করে ফেলে। ২৫ মিনিটে গোল এনে দেন চাপ আর বেচে দেওয়ার গুঞ্জনের কেন্দ্রে থাকা গ্যারেথ বেল। এরপর আট মিনিটের একটি ঝড়। কিংবা আগ্নেয়গিরির বিস্ফোরণ!
৩০ মিনিটে নিজের প্রথম গোলটা করেন রোনালদো। ৩৮ মিনিটেই হ্যাটট্রিক করা সারা, মাঝখানের গোলটি এসেছে এর দুই মিনিট আগে! ৫৪ ও ৮৯ মিনিটে আরও দুটো গোল করেছেন। এর মধ্যে অবশ্য এমন দুটো সহজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন, না হলে আরানা-কুবালাদের পাশে নামটা আজই বসে যেত।
​জোড়া গোল করেছেন করিম বেনজেমা। গ্রেনাডার জালে গোল এত সহজেই হচ্ছিল বলেই কিনা, কী আছে জীবনে ভঙ্গিতে একটা আত্মঘাতী গোল করেছেন মেইঞ্জ। ম্যাচের গোলদাতাদের তালিকায় হয়তো রোনালদোর পাশেই নিজের নামটা দেখার বড্ড ইচ্ছে করছিল তাঁর​!