রোনালদোর এমন শুরু!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোসিয়েদাদ ও সেল্টা ভিগোর বিপক্ষে লিগের প্রথম দুটি ম্যাচে খেলেননি। ওসাসুনার বিপক্ষে ফিরেই একটা গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো, জিতল তাঁর দল রিয়ালও। এরপর এসপানিওলের বিপক্ষে ম্যাচটা বসে থাকতে হলো চোটের কারণে। লাস পালমাস ও এইবারের বিপক্ষে সর্বশেষ দুটি ম্যাচে খেললেও গোল পেলেন না রোনালদো। সব মিলিয়ে লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১টিই গোল রিয়ালের পর্তুগিজ উইঙ্গারের।
২০০৯-১০ মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর লিগে এর চেয়ে বাজে শুরু আর হয়নি রোনালদোর। ২০১০-১১ মৌসুমেও লিগের প্রথম ৪ ম্যাচে মাত্র একটি গোল ছিল রোনালদোর। লা লিগায় বাকি সবগুলো মৌসুমেই প্রথম ৪ ম্যাচে অন্তত ২ গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার। ২০১৪-১৫ মৌসুমে তো প্রথম ৪ ম্যাচেই করেছিলেন ৯ গোল! ইএসপিএন।