রোনালদোর ওপর বিরক্ত জুভেন্টাস সতীর্থরা

ক্রিস্টিয়ানো রোনালদো ভালো খেললেও জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে শঙ্কা আছে এখনো।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন নয় যে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের ধারা শুকিয়ে গেছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড । সিরি ‘আ’তে জুভেন্টাসের তো বটেই, ২৮ গোল নিয়ে লিগেরই সর্বোচ্চ গোলদাতা ৩৬ বছর বয়সী। কিন্তু রোনালদো গোল পেলে কী হবে, জুভেন্টাস আশানুরূপ ফল পাচ্ছে না এবার। এক দশকের মধ্যে এবার প্রথম লিগ শিরোপা হারানো জুভেন্টাস ১০ বছরে প্রথমবার মৌসুমে শিরোপাহীন থাকারও শঙ্কায়!

ইতালির ক্রীড়া দৈনিক ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’ এসবের মধ্যেই আবার দিয়েছে আরেক খবর। রোনালদোর ওপর নাকি বিরক্ত তাঁর জুভেন্টাস সতীর্থরা। এর একটা কারণ ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে রোনালদোর বাড়তি সুবিধা পাওয়া।

জুভেন্টাসের হয়ে গোলের সেঞ্চুরি করেছেন রোনালদো।
ছবি: রয়টার্স

সব মিলিয়ে এমন একটা গুঞ্জন ইতালির ফুটবল আকাশে ভাসছে, তিন বছর আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়া রোনালদোর এটাই হয়তো তুরিনে শেষ মৌসুম। জুভেন্টাস অবশ্য এরই মধ্যে ঘোষণা দিয়েছে, দল চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারুক আর না-ই পারুক, রোনালদো এ মৌসুমের পরও জুভেন্টাসেই থাকবেন।

কিন্তু জুভেন্টাসের আশার মধ্যে রোনালদোর ওপর সতীর্থদের বিরক্ত হওয়ার খবরটা অন্য রকম স্বাদ দিয়ে যায়। এই ধরনের প্রশ্ন এর আগেও উঠেছে—রোনালদোকে কি বাড়তি সুবিধা দিচ্ছেন কোচ আন্দ্রেয়া পিরলো? এমন প্রশ্নের উত্তরে অনেকবারই পিরলো বলে এসেছেন, দলের সব খেলোয়াড়ই ক্লাবের কাছে সমান। কেউ কোনো বাড়তি সুবিধা পাওয়ার প্রশ্নই ওঠে না।

সতীর্থদের সঙ্গে রোনালদো।
ছবি: রয়টার্স

কিন্তু জুভেন্টাসের খেলোয়াড়েরা বাস্তবে দেখছেন ভিন্ন দিকটা। এই তো গত সোমবার দলের অনুশীলন থেকে ছুটি নিয়েছেন রোনালদো। তা-ও আবার ফর্মুলা ওয়ানের প্রচারণামূলক একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য। সেই অনুষ্ঠানে ছিলেন জুভেন্টাসের প্রধান নির্বাহী জন এলকান আর সভাপতি আন্দ্রেয়া আগনেল্লিও।

রোনালদোর এভাবে ছুটি নিয়ে কোনো প্রচারণা অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি তাঁর সতীর্থদের ভালো লাগেনি বলেই খবর ছেপেছে ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’। রোনালদোর সতীর্থদের কাছে আরও খারাপ লেগেছে যে রোনালদো ফর্মুলা ওয়ানের দুজন ড্রাইভারের সঙ্গে হেসে ছবির জন্য পোজ দিয়েছেন দেখে। দলের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার শঙ্কায় থাকার পরও রোনালদোর এমন ফুরফুরে ভাব ভালো লাগেনি তাঁর সতীর্থদের কাছে।