রোনালদোর কণ্ঠে অন্য সুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

পেশাজীবনে সাফল্যের মূলমন্ত্র একটাই, ‘বস ইজ অলওয়েজ রাইট!’ হঠাত্ করে সেই বসের সমালোচনা করে ফেললে নাকে খত দেওয়া ছাড়া উপায় আর কী থাকতে পারে! ব্যাপারটা সাধারণ চাকুরের ক্ষেত্রে তো প্রযোজ্যই, প্রযোজ্য কোনো মহাতারকার ক্ষেত্রেও। ক্রিস্টিয়ানো রোনালদো ইদানীং পড়েছেন মহা গাড্ডার মধ্যে। আবেগের বশে একদিন মৌসুমের দলবদল নিয়ে কড়া কিছু মন্তব্য করে বসেছিলেন সাংবাদিকদের সামনে। তাঁর মন্তব্যগুলো যে প্রকারান্তরে নিজ ক্লাব রিয়ালের নীতি-নির্ধারকদেরই সমালোচনায় ভাসিয়েছে, সেটা তিনি এখন বুঝতে পারছেন। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তাঁকে এখন কাটান দিতে হচ্ছে উদ্ভূত সমস্যার।
জাবি আলোনসো আর ডি মারিয়াকে বেচে দেয়ার সিদ্ধান্তটা মনঃপূত হয়নি রিয়াল স্ট্রাইকারের। দলবদলের মাঠে রিয়ালের এই নীতির ব্যাপারে নিজের মনে কথা প্রকাশ করে দিয়েছিলেন তিনি। মনের কথা যে মাঝেমধ্যে মনেই রাখতে হয়, কিছুক্ষণের জন্য সেটাই হয়তো ভুলে গিয়েছিলেন এই সুপারস্টার। সেই ভুলের প্রায়শ্চিত্তটা করে ফেলাই বুদ্ধিমানের কাজ বলে এই মুহূর্তে মনে করছেন রোনালদো।
রোনালদো নিজের টুইটার অ্যাকাউন্টে দিয়েছেন পুরো বিষয়ের ব্যাখ্যা। বলেছেন, তাঁর বক্তব্য নাকি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, ‘আমি গতদিন ক্লাব প্রেসিডেন্টের বক্তব্য শুনেছি এবং আমি তাঁর সঙ্গে শতভাগ একমত। আমি জানিয়ে দিতে চাই, আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল।’ নিজের নতুন ক্লাবসঙ্গীদের প্রশংসা করতে ভোলেননি তিনি, ‘নতুন আসা খেলোয়াড়েরা সবাই অতি উঁচুমানের এবং নতুন গড়া দলটিও দারুণ।’
বসের সমালোচনা করে রোনালদোর ব্যাখ্যা অবশ্য গিলেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। বলেছেন, রোনালদোর ওপর তাঁর আছে অগাধ আস্থা, ‘আমি বিশ্বাস করি রোনালদো ক্লাবের নীতিনির্ধারণ নিয়ে কোনো প্রশ্ন তুলতেই পারে না। এ ব্যাপারে তার ওপর আমার আছে পূর্ণ আস্থা।’
এই যাত্রা বোধ হয় বেঁচে গেলেন সিআর-সেভেন। "