রোনালদোর কাছে ঋণী মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালন ডি’অরের এবারের অনুষ্ঠানেই বলেছিলেন, লিওনেল মেসির বাঁ পা চান ক্রিস্টিয়ানো রোনালদো। এখন সেটা উপহার নয়, পাওনা হিসেবেই চাইতে পারেন! ওই অনুষ্ঠানেই যে মেসিকে ঋণী করে ফেলেছেন!
ব্যালন ডি’অরের মঞ্চে রোনালদোর সঙ্গে ছিলেন মেসি-নেইমার। বার্সেলোনার দুই সতীর্থের কেউই আবার ইংরেজি জানেন না। কিন্তু ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলায় ইংরেজিটা রোনালদোর ভালোই জানা। দোভাষীর ভূমিকাটা তাই নিজে থেকেই নিলেন ‘সিআর-৭’। রসিকতা করে মনে করিয়ে দিয়েছেন, ‘মঞ্চে মেসি-নেইমারের কেউই ইংরেজি বলতে পারত না, আমিই তাই দোভাষীর কাজ করেছি। আমি পরে ওদের সঙ্গে কথা বলেছি, আমার পারিশ্রমিকটা যাতে মিটিয়ে দেওয়া হয়!’
রোনালদো-মেসির দ্বৈরথ নিয়ে কম আলোচনা হয়নি। দুজনের প্রতিদ্বন্দ্বিতা তো ফুটবল ইতিহাসে এক রকম অমরত্বই পেয়ে গেছে। তবে ব্যালন ডি’অরের ওই অনুষ্ঠানেই মেসি বলেছিলেন, রোনালদোর সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত দ্বৈরথ নেই। রোনালদো এবার যা বললেন, তাতে মনে হচ্ছে, দুজনের সম্পর্কটা এখন আগের চেয়ে অনেকটাই উষ্ণ, ‘আগেও আমাদের সম্পর্কটা ভালো ছিল। কিন্তু গত কয়েক বছরে আমরা আরও ঘনিষ্ঠ হয়েছি।’ গোল ডট কম।