রোনালদোর কাছে হেরে যাচ্ছেন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কত কিছুতেই না প্রতিদ্বন্দ্বিতা লিওনেল মেসির। এই মুহূর্তে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা অর্জনের গৌরবে হাতে-হাত ধরেই এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজেদের ক্যারিয়ার। ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে মেসি রোনালদোর চেয়ে এগিয়ে থাকতে পারেন, কিংবা এগিয়ে থাকতে পারেন দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। কিন্তু সামাজিক যোগাযোগে রোনালদো কিন্তু বেশ বড় ব্যবধানেই এগিয়ে গেছেন তাঁর ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ মেসির চেয়ে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মার্ক জাকারবার্গের অনন্য আবিষ্কার ফেসবুকে রোনালদোর অনুসারীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ কোটিতে। ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের কালে এটাই কোনো ক্রীড়াবিদের সর্বোচ্চ অনুসারীর সংখ্যা।

রোনালদোর বাণিজ্যিক মূল্যটা বোঝা যাবে আর একটি ছোট্ট তথ্যে। কিছু দিন আগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ফেসবুকে একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের ঘড়ির কিছু পোস্ট দিয়েছিলেন রোনালদো। সেই পোস্ট পৌঁছেছিল কতজনের কাছে তা জানেন? সংখ্যাটি দেখে নিশ্চয়ই ওই ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানেরও চক্ষুচড়কগাছ। পোস্টটি দেখেছিলেন তিন কোটি ৪৯ লাখ ফেসবুক ব্যবহারকারী। পোস্টে ‘লাইক’ সংখ্যা ছিল ২৪ লাখ। বলা হয়নি টুইটারেও সামাজিক যোগাযোগের ইতিহাসের সবচেয়ে বেশি অনুসারী এই রোনালদোরই। টুইটারে এই সংখ্যাটি দাঁড়িয়েছে সাড়ে তিন কোটি। শো ম্যানশিপে কি তাহলে রোনালদোর কাছে মেসি বিপুল ব্যবধানেই পরাজিত? সূত্র: সিএনএন।