রোনালদোর গলায় দুই পদক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুল করে রোনালদোর গলায় দুটি পদক পরিয়ে দিলেন প্লাতিনি!
ভুল করে রোনালদোর গলায় দুটি পদক পরিয়ে দিলেন প্লাতিনি!

সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন উয়েফা সুপার কাপ। ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটি দুর্দান্ত মৌসুম শুরু হয়েই গেল বুঝি! রিয়াল ফরোয়ার্ডের পারফরম্যান্সে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি এতটাই ‘আপ্লুত’ হলেন, গলায় পরিয়ে দিতে গেলেন দুটি পদক!

ম্যাচশেষে বিজয়ী দলের সদস্য হিসেবে পুরস্কার বিতরণ মঞ্চে পদক নিতে উঠলেন রোনালদো। প্লাতিনি করলেন কী, পর পর দুটি পদক পরিয়ে দিতে গেলেন রিয়াল তারকার গলায়! রোনালদো তাত্ক্ষণিকভাবে সহাস্যে ইঙ্গিত করলেন, ‘পদক তো একটা দিয়েছেনই’! উয়েফা সভাপতি ভুল বুঝতে পেরে পাল্টা হাসি দিয়ে কিছু একটা বললেন। হয়তো প্লাতিনির অবচেতন মন রোনালদোর জোড়া গোলের জন্য দুটি পদকই পরিয়ে দিতে চাইছিল!

প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ জিতে ভীষণ উচ্ছ্বসিত রোনালদো। ম্যাচসেরা পুরস্কার নিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত থেকে।

পুরস্কার উত্সর্গও করলেন তাঁর সাবেক এ গুরুকে। বললেন, ‘দুই গোল করে ভীষণ খুশি। আমার হাতে ম্যাচসেরার পুরস্কার দেওয়ার জন্য স্যার অ্যালেক্সকে অসংখ্য ধন্যবাদ। যখন ১৮ বছর বয়সে ম্যানচেস্টারে খেলেছিলাম, তখন তিনি আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। তাঁকে ভীষণ শ্রদ্ধা করি। আমার ক্যারিয়ারে তাঁর অবদানের জন্য ভীষণ কৃতজ্ঞ।’ তথ্যসূত্র: মেইল অনলাইন ও মেট্রো।