রোনালদোর গোল উদ্‌যাপন ‘বিরক্তিকর’ লেগেছে তাঁর কাছে

হাঙ্গেরির বিপক্ষে পেনাল্টিতে গোলের পর রোনালদোর উদযাপন।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোকে শিরোনাম থেকে বাইরে রাখা যায় খুব কমই। অনেকে আবার রোনালদোকে নিয়ে কথা বলেও শিরোনাম হন।

হাঙ্গেরি কোচ মার্কো রসিকে নিয়ে এখন যেমন আলোচনা চলছে। রোনালদোর একটি গোল উদ্‌যাপনের সমালোচনা করে এখন তিনি শিরোনাম।

ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ৮৪ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার রাফায়েল গুয়েরেইরো গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। এরপর রোনালদো শেষ দিকে করেন জোড়া গোল।

পেনাল্টি থেকে করা প্রথম গোলটি দিয়ে ইউরোর মূল পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন পর্তুগিজ তারকা রোনালদো। তাঁর উদ্‌যাপনটা ছিল চিরাচরিত ‘সাই’—দৌড়ে কিছুদূর যাবেন, শূন্যে লাফিয়ে শরীরকে মুচড়ে উল্টো করে মাটিতে নামার সঙ্গে হাত দুটো নামিয়ে আনবেন শরীরের পাশে। এই উদ্‌যাপন বেশ আগে থেকেই রোনালদোর ক্যারিয়ারের অংশ।

হাঙ্গেরি কোচ মার্কো রসি।
ছবি: রয়টার্স

কিন্তু হাঙ্গেরির বিপক্ষে নিজের প্রথম গোলটির পর রোনালদোর অমন উদ্‌যাপন মার্কো রসির মোটেও ভালো লাগেনি। ইতালিয়ান সংবাদমাধ্যমকে হাঙ্গেরি কোচ বলেছেন, ‘রোনালদো অসাধারণ একজন চ্যাম্পিয়ন। কিন্তু কিছু সময় সে বিরক্তিকরও হতে পারে। পেনাল্টির পর সে এমনভাবে উদ্‌যাপন করল যেন ফাইনালে গোল করেছে। লোকে এগুলো খেয়াল করে।’

গ্রুপ পর্বের বাধা টপকে শেষ ষোলোয় উঠেছে রোনালদোর পর্তুগাল। ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে এক রেকর্ডও ছুঁয়ে ফেলেন রোনালদো। ইরানের আলী দাইয়ির সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে তিনি এখন যৌথভাবে সর্বোচ্চ গোলের মালিক।

বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ডও এখন রোনালদোর। রোববার শেষ ষোলোয় বেলজিয়ামের মুখোমুখি হবে পর্তুগাল। এ ম্যাচে গোল করলে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন রোনালদো।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও রেকর্ডের দেখা পান রোনালদো।
ছবি: রয়টার্স

হাঙ্গেরি বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। শেষ ম্যাচে জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করার ম্যাচে দারুণ খেলে দলটি। এবার ইউরোয় হাঙ্গেরি কোচ হিসেবে রসির সেরা স্মৃতি অবশ্য এটি নয়। পর্তুগালের কাছে ৩-০ গোলে হারের পর সমর্থকদের অকুণ্ঠ সমর্থন পাওয়াই তাঁর কাছে সেরা স্মৃতি, ‘প্রথম ম্যাচের পর আমরা যখন বাস থেকে নামি, সবাই করতালি দিয়েছে, সমর্থন জানিয়েছে, সেটি ৩-০ গোলে হারের পর।’