রোনালদোর গোল, জয়ে শুরু রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল দিয়েই লা লিগার এবারের মৌসুম শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স
গোল দিয়েই লা লিগার এবারের মৌসুম শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

এবারের মৌসুমে গোলের খাতা আগেই খুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। আজ লা লিগার প্রথম ম্যাচেও দারুণ এক গোল পেয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলার। রিয়াল মাদ্রিদও লা লিগের মিশন শুরু করেছে জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছে নবাগত দল করদোবাকে। রিয়ালের পক্ষে অপর গোলটি করেছেন করিম বেনজেমা।

ইনজুরি শঙ্কা পেছনে ফেলে আজ শুরু থেকেই মাঠে ছিলেন রোনালদো। কিন্তু গোলের দেখা পাওয়ার জন্য ম্যাচের একেবারে শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এই পর্তুগিজ তারকাকে। ৯০ মিনিটে ইসকোর পাস থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে জোরালো এক শটে বল জড়িয়েছেন করদোবার জালে। এর আগে প্রথমার্ধের ৩০ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন বেনজেমা। টনি ক্রুসের কর্নার থেকে আসা বলটি হেড করে জালে জড়াতে কোনো ভুল হয়নি ফরাসি এই স্ট্রাইকারের।

নতুন তারকা হামেস রদ্রিগেজও প্রায় পেয়েই গিয়েছিলেন লা লিগায় রিয়ালের জার্সি গায়ে প্রথম গোলটি। ৬২ মিনিটে গোলপোস্ট লক্ষ্য করে নিয়েছিলেন দারুণ এক শট। কিন্তু তা দুর্দান্ত দক্ষতায় রুখে দেন করদোবার গোলরক্ষক হুয়ান কার্লোস।