রোনালদোর গোল, ফাইনালে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো যে কখন গোল পাবেন!
ম্যাচটাই সম্ভবত এই অপেক্ষায় ছিল। পুরো ম্যাচে গোলের জন্য মাথা কুটে মরেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অবশেষে পেলেন ‘রামোস-মুহূর্তে’, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। তাতেই ক্লাব আমেরিকাকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। আগামী পরশু যেখানে জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষ জাপানের কাশিমা অ্যান্টলার্স।
মাত্রই চতুর্থ ব্যালন ডি’অর জিতে এসেছেন ক্লাব বিশ্বকাপে। গোল করে সেটি উদ্যাপন করতে চাওয়ারই কথা। কিন্তু রিয়াল ফরোয়ার্ডের সঙ্গে কাল যেন আড়ি পেতে বসে গোল। কখনো তাঁর হেড ফেরে পোস্টে লেগে, কখনো বাধা ক্লাব আমেরিকার গোলকিপার। গোলটা অবশেষে পেলেন শেষ বাঁশির ঠিক আগে, হামেস রদ্রিগেজের থ্রু ধরে।
রিয়ালের জয় অবশ্য আগেই নিশ্চিত হয় প্রথমার্ধের যোগ করা সময়ে করিম বেনজেমার গোলে। টনি ক্রুসের বাড়ানো বলে গোল করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।
জিদানের সামনেও এখন হ্যাটট্রিকের সুযোগ। দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক দুটি প্রতিযোগিতাতেই (চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ) রিয়ালকে জিতিয়েছেন ‘জিজু’। তিনে তিন হবে? সূত্র: নিও স্পোর্টস।