রোনালদোর গোলই চ্যাম্পিয়নস লিগের সেরা
নতুন চ্যালেঞ্জে পুরোনো সাফল্য এখনো ধরা দেয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নটা এবারও পূরণ হয়নি পর্তুগিজ মহাতারকার। নিজে সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু সতীর্থদের ব্যর্থতা তাঁকে শেষ ষোলোতেই আটকে দিয়েছে। সেই ক্ষতে অন্তত কিছুটা প্রলেপ লাগিয়ে দিল তাঁর ভক্তরা। দর্শকের চোখে এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা গোলটি রোনালদোই দিয়েছেন।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের অন্যতম সেরা গোলটিই রোনালদোর। ২০১৭/১৮ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে বর্তমান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে বাইসাইকেল কিকই হয়েছিল সেবারের সেরা গোল। এ মৌসুমে অমন স্তব্ধ করে দেওয়া কোনো গোল করেননি। তবে লিঁওর বিপক্ষে যেদিন বাদ পড়েছেন সে ম্যাচে তাঁর দ্বিতীয় গোলটিও ছিল দৃষ্টিসুখকর। আর উয়েফার সমর্থক জরিপে সে গোলটিই পেয়েছে সবচেয়ে বেশি ভোট।
মোট ১০টি গোলের ভিডিও দিয়ে উয়েফা সমর্থকদের কাছে জানতে চেয়েছিল তাদের চোখে সেরা কোনটি। রোনালদোর পর সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মার্সেল সাবিৎসার। জেনিতের বিপক্ষে ডি-বক্সের ভেতর থেকে সবাইকে অবাক করে দেওয়া এক গোল করেছিলেন লাইপজিগের এই মিডফিল্ডার। তিনে আছে জুভেন্টাসেরই আরেক গোল। গ্রুপ পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হুয়ান কুয়াদ্রাদোর গোলটি হয়েছে তৃতীয়।
চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে গত পাঁচ বছর গোল পাননি লুইস সুয়ারেজ। তবে ঘরের মাঠে দাপট কমেনি বার্সেলোনার ফরোয়ার্ডের। এই মৌসুমেই ইন্টার মিলানে তাঁর পারফরম্যান্সের জোরেই ইতালিয়ান দলটিকে হারিয়েছিল বার্সেলোনা। আর সে ম্যাচে প্রায় ভারসাম্য হারিয়ে ফেলা অবস্থা থেকেও তাঁর নেওয়া গোলটি সমর্থকেরা যে ভোলেননি সেটা চারে জায়গা নেওয়া থেকেই বোঝা যাচ্ছে। আর সেমিফাইনালে লিওঁর বিপক্ষে অনেকটা রোনালদোর ভঙ্গিতেই গোল করা সার্জ নাব্রির গোলটি হয়েছে পঞ্চম।
শীর্ষ দশে আরও ছিল ম্যাক্সওয়েল কর্নেত, আরনিং হরলান্ড, দানি অলমো, লওতারো মার্টিনেজ ও ডগলাস কস্তার গোল। নাপোলির বিপক্ষে যে গোল করে সবার চোখ কপালে তুলে দিয়েছিলেন লিওনেল মেসি, বিস্ময়করভাবে সে গোল উয়েফার তালিকাতেই ছিল না।