রোনালদোর গোলে চ্যাম্পিয়ন রিয়াল

ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল–শৈলী (টেকনিক) কী, সেটি বোধ হয় আরব আমিরাতের মরুর বুকে এখন ভালোই টের পাচ্ছেন গ্রেমিওর কোচ রেনাতো গউচো। কারণ, তাঁর দেওয়া গোল হজম করেই ক্লাব বিশ্বকাপ শিরোপা জেতার স্বপ্ন চুরমার হয়ে যায় ব্রাজিলিয়ান দলটির। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করে রিয়াল মাদ্রিদ।
আবুধাবিতে ১-০ গোলে স্প্যানিশ জায়ান্টরা শিরোপা জয় করলেও পর্তুগিজ ফরোয়ার্ডকে কী খোঁচাটাই না গত মার্চে দিয়েছিলেন রেনাতো। নিজেকে রোনালদোর চেয়ে ভালো ফুটবলার দাবি করে তিনি বলেছিলেন, ‘রোনালদোও অসাধারণ খেলোয়াড়। তবে ও নিজের শক্তি নিয়ে কাজ করে ঠিকই, কিন্তু ওর টেকনিক্যাল দক্ষতা তেমন নেই।’
এ কথা শুনেই বোধ হয় শনিবার রাতে মরুর মাঠের সবুজ ঘাসে তেলে–বেগুণে জ্বলে উঠলেন রোনালদো। ম্যাচের ৫৩ মিনিটে যে ফ্রি কিকটি করে গোল আদায় করেছিলেন তিনি, তাতে হয়তো রেনাতোর চোখ ছানাবড়া হয়েছিল।
অবশ্য রেনাতো সান্ত্বনা পাওয়ার অসংখ্য পথ খুঁজে পাবেন। কারণ, একেক পর এক আক্রমণ শানালেও গ্রেমিওর গোলমুখে যেন ধার কমে গিয়েছিল রিয়ালের। করিম বেনজেমা, মার্সেলোরা ছিলেন গ্রেমিওর রক্ষণদুর্গের প্রহরীদের কড়া নজরে। তা হলে কি আর প্রথমার্ধটা গোলশূন্য থাকে! অন্যদিকে, পুরো ম্যাচই নিজেদের দখলে রেখে নয়টি কর্নার আদায় করেছিল রিয়াল। তাই রোনালদো গোল করায় ম্যাচ শেষে কোচ জিনেদিন জিদানও হাফ ছেড়ে বেঁচে যান।
ঘাম ঝরিয়ে জয় পেলেও সময়টা কিন্তু দারুণ কাটল রিয়ালের। স্প্যানিশ লিগ, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ ও ইউরোপিয়ান সুপার কাপের সঙ্গে ক্লাব কাপ চ্যাম্পিয়ন। রিয়ালের সাদা পোশাক যেন এভাবে রঙিন হয়ে যাচ্ছে।