রোনালদোর গোলে মন খারাপ হয় মেসির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর গোল উদযাপন মেসিকে ভেতরে ভেতরে তাতিয়ে দেয়? ফাইল ছবি
রোনালদোর গোল উদযাপন মেসিকে ভেতরে ভেতরে তাতিয়ে দেয়? ফাইল ছবি

লুইস সুয়ারেজকে দলে টেনেই বার্সেলোনা ইঙ্গিতটা দিয়ে রেখেছিল, আক্রমণের ভরকেন্দ্রটা বদলে যাচ্ছে। লিওনেল মেসি আর বার্সার আক্রমণের অগ্রভাগে থাকবেন না। সেটা চলে যাবে পুরোদস্তুর স্ট্রাইকার সুয়ারেজের দখলে। মেসিকে খেলতে হবে উইংয়ে। কিন্তু আর্সেন ওয়েঙ্গার মনে করেন, এখানে ভুল চাল চেলেছে বার্সেলোনা। উইংয়ে খেলে মেসি কখনোই তৃপ্ত হবেন না। ক্রিস্টিয়ানো রোনালদোর একের পর এক গোল তাঁকে মানসিকভাবে নুইয়ে দেবে আরও।
রোনালদো উইংয়েই খেলেন। কিন্তু সেই উইংয়ে থেকেও রিয়ালের আক্রমণভাগের নেতৃত্ব তাঁর হাতে। যদিও সেখানে করিম বেনজেমার মতো পুরোদস্তুর স্ট্রাইকার আছে। বার্সেলোনাও আক্রমণভাগ শাণাতে গিয়ে গত দলবদলের মৌসুমে লিভারপুলে গোলবন্যা বইয়ে দেওয়া সুয়ারেজকে কিনে এনেছে। কিন্তু ওয়েঙ্গার তাঁর অভিজ্ঞ চোখ দিয়ে দেখছেন, এটার পরিণতি বার্সার জন্য ভালো হয়নি। ইব্রাহিমোভিচ কিংবা ডেভিড ভিয়াকে নিয়ে আসার ব্যর্থতাটা থেকেই শেখা উচিত ছিল বার্সার।
এই মৌসুমে প্রায়ই উইংয়ে আর অনেক বেশি নিচে নেমে খেলার ফলটা হাতেনাতে পাচ্ছেন মেসি। রোনালদো এরই মধ্যে করেছেন ২৫ গোল। মেসির নামের পাশে অর্ধেকেরও কম, ১১টি। এই গোল ব্যবধান মেসির পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও হতোদ্যম হয়ে পড়তে পারেন বলেই আশঙ্কা ওয়েঙ্গারের, ‘যখন মেসি দেখে রোনালদো ওর চেয়ে বেশি গোল করছে, এটা ওর উদ্যমে প্রভাবে ফেলে। উইংয়ে খেলে ও কখনোই আগের মতো গোল করতে পারবে না। দীর্ঘ মেয়াদে ও এতে অসুখী হয়ে পড়বে।’
একজন খেলোয়াড়ের চেয়ে দল অবশ্যই বড়। কিন্তু মেসি–রোনালদোর মাপের খেলোয়াড়রা দলের সমার্থক হয়ে ওঠেন। এ কারণে বার্সার নতুন কোচ লুইস সুয়ারেজের অবশ্যই মেসির সঙ্গে ভালো রসায়ন গড়ে তুলতে হবে। ওয়েঙ্গারের মত, ‘দলের সেরা খেলোয়াড়টি ক্লাবের মধ্যে এক ধরনের ক্ষমতা উপভোগ করে। কোচের সঙ্গে রসায়নটা ভালো জমলে সে কোচকে আরও ভালো হয়ে উঠতেও সাহায্য করে। এ কারণে মেসি নতুন ভূমিকা যদি মানিয়ে নিতে না পারে, তাতে পুরো দলই বরং বেশি দুর্বল হয়ে উঠবে।’