রোনালদোর জন্য
কাল ভিয়ারিয়ালের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচে ক্যামেরাম্যানরা তক্কে তক্কে থাকবেন। ভিয়ারিয়ালের আকাশে ‘ঘরে ফিরে এসো রোনালদো’ ব্যানার নিয়ে একটা বিমান উড়ে যাওয়ার কথা। কিন্তু রোনালদোকে কারা এমন করে ডাকছেন? কাজটা ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের। পরশু ইউনাইটেড সমর্থকদের একটা অংশ টুইট করে জানায়, রোনালদোকে ওল্ড ট্রাফোর্ডে ফেরানোর জন্য তারা ব্যানার নিয়ে ভিয়ারিয়ালের স্টেডিয়ামের ওপর উড়ে যাবে। বেশ কিছুদিন ধরেই বাতাসে গুঞ্জন, রিয়াল ফরোয়ার্ড নাকি পুরোনো ঠিকানায় ফিরতে পারেন। সমর্থকেরা এমনই খ্যাপাটে, বলে দিয়েছেন রোনালদোকে না নেওয়া পর্যন্ত তাঁরা ক্ষান্তি দেবেন না। এর আগেও অবশ্য এ ধরনের কাণ্ড তাঁরা করেছেন। ডেভিড ময়েসকে বিদায় করে দেওয়ার জন্য ওল্ড ট্রাফোর্ডেও বিমানে ব্যানার উড়িয়েছিল। কিন্তু এত কিছু যাঁর জন্য, সেই রোনালদোর কি মন গলবে? নাকি বলে দেবেন, ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না।’ মেইল অনলাইন।