রোনালদোর জন্যই রিয়ালে ছিলেন ডি মারিয়া

কদিন আগে স্প্যানিশ দৈনিক মার্কায় ভক্তদের উদ্দেশে এক খোলা চিঠিতে অ্যাঙ্গেল ডি মারিয়া বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ ছাড়তে বাধ্য হয়েছি।’ এবার জানালেন, গত মৌসুমটা কষ্ট চাপা দিয়ে রিয়ালে পড়েছিলেন কেবল বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যই! বোঝাই যাচ্ছে, মাঠের বাইরেও দুই তারকার রসায়নটা দারুণ।
‘ইএসপিএন রেডিও’কে আর্জেন্টিনা মিডফিল্ডার বললেন, ‘সত্যটা হচ্ছে, ক্রিস্টায়ানো রোনালদোর সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব। রিয়ালে আরেকটা মৌসুম কাটাতে পারায় তাকে অনেক ধন্যবাদ।’ তার মানে আরও আগেই রিয়াল ছাড়ার ভাবনা ছিল ডি মারিয়ার। দারুণ ফর্মে থেকে বার্নাব্যু ছাড়া প্রসঙ্গে বললেন, ‘লা ডেসিমা জিতে সবচেয়ে ভালো উপায়েই মাদ্রিদ ছেড়েছি। বার্নাব্যুতে পা দেওয়ার প্রথম দিন থেকেই আমার অনুভূতি কেমন ছিল, বিদায়ী চিঠিতে সব বলেছি।’
গত মৌসুমটা রিয়ালে দুর্দান্তই কেটেছিল ডি মারিয়ার। লিসবনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। তবুও নতুন মৌসুমে রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। এরপর রেকর্ড ৯ কোটি ৮ লাখ ডলারে ইউনাইটেডে নাম লিখিয়েছেন আর্জেন্টিনা উইঙ্গার। নতুন ক্লাব প্রসঙ্গে ডি মারিয়ার মন্তব্য, ‘মাদ্রিদের (রিয়াল) সব দাবি-দাওয়া পূরণের জন্য ইউনাইটেডের প্রতি কৃতজ্ঞ। তবে প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ায় অতিরিক্ত কোনো চাপ অনুভব করছি না। সূত্র: মার্কা ও গোলডটকম।