রোনালদোর জবাব
চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ইউরো চ্যাম্পিয়নশিপ আর ক্লাব বিশ্বকাপ। এক বছরে চারটা ট্রফি—এর বেশি আর কী চাইতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো! পেয়েছেন ফ্রান্স ফুটবল-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অরও। সর্বশেষ শিরোপাটা ক্লাব বিশ্বকাপের। ফাইনালে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন। আর এই জয়ের পর রোনালদো এক হাত নিয়েছেন তাঁর সমালোচকদেরও।
ট্রফি জিতেই বছরটা শেষ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত রোনালদো। তবে এই উচ্ছ্বাসের পাশাপাশি সমালোচকদের প্রতি কিছুটা ক্ষোভও ঝেড়েছেন রিয়াল উইঙ্গার, ‘অনেকেই মাঝেমধ্যে আমার সমালোচনা করে। আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। আমার যা জবাব দেওয়ার আমি বছরের পর বছর মাঠেই দিয়ে আসছি।’
তবে সব সময় তাঁর পাশে থাকার জন্য সতীর্থদের প্রতি কৃতজ্ঞ রোনালদো, ‘সবাই ক্রিস্টিয়ানোর কাছ থেকে একটু বেশিই চায়। আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। ওদের ছাড়া আমি কখনো ক্রিস্টিয়ানো হতে পারতাম না।’ এএফপি।