রোনালদোর জুভেন্টাসকে রোমার মেসি-খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর জুভেন্টাসে আসাকে খোঁচা দিয়ে এই ছবি টুইট করে রোমা। ছবি: টুইটার
রোনালদোর জুভেন্টাসে আসাকে খোঁচা দিয়ে এই ছবি টুইট করে রোমা। ছবি: টুইটার
>মাত্রই আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসের প্রতিদ্বন্দ্বীরা কি হিংসায় জ্বলে যাচ্ছে? রোমার টুইট দেখে তো তা-ই মনে হচ্ছে...

ফুটবল ছেড়েছেন দুই মৌসুম হয়ে গেছে। এরপরেও আলোচনার বাইরে যেতে পারেননি ফ্রান্সেসকো টট্টি। রোমান কিংবদন্তিকে খবরে ফিরিয়ে এনেছে তাঁরই ক্লাব রোমা। সেটিও লিওনেল মেসির সঙ্গে তাঁর একটি ছবি টুইট করে!

সদ্যই রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। ইতালিয়ান লিগের গত সাতবারের টানা চ্যাম্পিয়ন জুভেন্টাস। এই সময়ের মধ্যে তাঁদের বিপক্ষে মাথা তুলে দাঁড়াতে পেরেছে এক রোমাই। দুবার লিগ জয়ের কাছাকাছি চলে গেলেও শেষ পর্যন্ত পারেনি। গতবার চ্যাম্পিয়নস লিগে আলোচনার জন্ম দেওয়া ক্লাবটি জুভেন্টাসের রোনালদো-বরণ উৎসবের মধ্যে টেনে আনল মেসিকে। জন্ম দিল আরেক আলোচনার।

না, মেসি রোমাতে যোগ দেননি। রোমা মেসিকে ব্যবহার করেছে একটু অন্যভাবে। ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে রোমা আর মেসির ক্লাব বার্সেলোনা ‍মুখোমুখি হয়েছিল। নিজেদের মাঠে বার্সাকে ঠেকিয়ে দিলেও ন্যু ক্যাম্পে গিয়ে ৬-১ গোলে হেরে আসে রোমা। সেই ম্যাচে গোল করেছিলেন মেসি। ম্যাচের পর রোমা অধিনায়ক ফ্রান্সেসকো টট্টি মেসির সঙ্গে হাত মেলান ও জার্সি বদল করেন। সেই হাত মেলানোর ছবি টুইটারে দিয়ে রোমা লিখেছে, ‘আমাদের অধিনায়ক ও সর্বকালের সেরা খেলোয়াড় একসঙ্গে।’

এত দিন পর হঠাৎ করে মেসিপ্রীতি কেন রোমানদের মনে জেগে উঠবে, সেটি বুঝতে আইনস্টাইন হতে হয় না। স্পষ্টতই রোনালদোকে খোঁচা দেওয়ার জন্যই যে কাজটি করা, সেটি যে কেউই বুঝবে। এই খোঁচার জবাব অবশ্য এখনো রোনালদো বা জুভেন্টাস কেউই দেননি। তবে রোনালদো সম্ভবত টুইটার কিংবা ফেসবুকে নয়, তাঁর নিজের মতো করেই রোমাকে জবাবটা দিয়ে দেবেন।

কে না জানে, নিজের সমালোচনার জবাব মাঠেই দিতে বেশি পছন্দ করেন রোনালদো!