মাঝে পর্তুগালের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটায় গোল পাননি। কিন্তু জাতীয় দল থেকে ফিরে ক্লাবের জার্সিটা গায়ে উঠতেই আবার গোলে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যথারীতি জিতেছে তাঁর দল রিয়াল মাদ্রিদও। লা লিগায় কাল রিয়াল ৪-০ গোলে হারিয়েছে এইবারকে। রোনালদোর জোড়া গোলের পাশাপাশি আরও দুটি গোল করেছেন হামেস রদ্রিগেজ ও করিম বেনজেমা। লিগে এ নিয়ে ২০ গোল হলো পর্তুগিজ উইঙ্গারের। একই দিনে লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে জিতেছে মালাগার বিপক্ষে।
আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে ছন্দ কাটেনি চেলসিরও। কাল প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমকে ২-০ গোলে হারিয়ে যথারীতি উড়ছে হোসে মরিনহোর দল। গোল করেছেন ডিয়েগো কস্তা ও এডেন হ্যাজার্ড। ১২ ম্যাচে এখন পর্যন্ত হারেনি চেলসি, ৩২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে। একই দিনে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। ইতিহাদ স্টেডিয়ামে সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল।
বড় জয় পেয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও। মারিও গোটশে, রবার্ট লেভানডফস্কি, আরিয়েন রোবেন ও সেবাস্তিয়ান রোডের গোলে আলিয়াঞ্জ অ্যারেনায় পেপ গার্দিওলার দল হফেনহেইমকে উড়িয়ে দিয়েছে ৪-০ ব্যবধানে। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থানটাও ধরে রেখেছে বায়ার্ন। স্টার স্পোর্টস, এএফপি।