রোনালদোর জোড়া গোল, উড়ে গেল লেভান্তে!

‘এল ক্লাসিকো’র আগে হাত মকশোটা ভালোই হলো রিয়াল মাদ্রিদের। ফর্মের তুঙ্গে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো ভালোই ঝালিয়ে নিলেন নিজেকে। রোনালদোর জোড়া গোল, হাভিয়ের হার্নান্দেজ, হামেস রদ্রিগেজ ও ইসকোর গোলে রিয়ালের বিপক্ষে লেভান্তে উড়ে গেল ৫-০ ব্যবধানে।
ম্যাচের ১২ মিনিটে হার্নান্দেজকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল আদায় করে গোল উৎসবের শুরু করেন রোনালদো। ৩৮ মিনিটে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন হার্নান্দেজ।
এরপর আবারও রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো। ইসকোর বাড়িয়ে দেওয়া বল নিয়ে ক্ষিপ্র গতিতে ঢুকে পড়েন লেভান্তের রক্ষণভাগে। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে। লিগে সাত ম্যাচে এটি সিআর সেভেনের ১৫তম গোল। ৬৬ মিনিটে টনি ক্রুসের ক্রস বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত এক ভলিতে রদ্রিগেজ বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। ৮২ মিনিটে লেভান্তের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রিয়ালের নতুন ‘জিদান’ ইসকো।