রোনালদোর জয়ের রেকর্ডে দেড় শ জয় পেল রিয়াল মাদ্রিদও

অ্যালিয়াঞ্জ অ্যারেনা কাল হতাশ করেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। টানা ১২ ম্যাচ গোল করা পর্তুগিজ ফরোয়ার্ড কাল গোলের মুখ খুলতে পারেননি। টানা গোল করার নতুন রেকর্ড তাই আর গড়া হয়নি তাঁর। কিন্তু এর পরেও আরেকটি রেকর্ড গড়তে কোনো সমস্যা হয়নি তাঁর। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচে জয় পাওয়ার রেকর্ডটা ঠিকই করে ফেলেছেন রোনালদো।
চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি অনেক দিন ধরেই রোনালদোর। চ্যাম্পিয়নস লিগের অনেক অবিশ্বাস্য রেকর্ডই তাঁর দখলে। কিন্তু ইকার ক্যাসিয়াসকে হারানো হচ্ছিল না তাঁর। রিয়াল কিংবদন্তি ক্লাব ছাড়লেও এফসি পোর্তোর হয়ে চ্যাম্পিয়নস লিগে অংশ নিচ্ছেন নিয়মিত। নতুন দলের হয়ে বেশ কিছু জয়েও সঙ্গী হচ্ছেন। ফলে এ প্রতিযোগিতায় ক্যাসিয়াসের জয়ের সংখ্যাটাও রোনালদোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে।
কিন্তু এবার শেষ ষোলোতেই বাদ পড়েছে পোর্তো। দুই লেগেই জয়হীন ছিল পর্তুগিজ ক্লাবটি। ওদিকে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল পার হয়েছেন রোনালদো। দুই ধাপের চার ম্যাচেই গোল করে দলকে সেমিতে তুলেছেন। কাল রোনালদো গোলমুখ খুলতে পারেননি, ৩৯ ম্যাচে এই প্রথম গোলে কোনো শট নেই তাঁর! চ্যাম্পিয়নস লিগে টানা ১১ ম্যাচে গোল করেই তাই থামতে হলো রোনালদোকে। কিন্তু মার্সেলো ও এসেনসিওর সুবাদে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। এতেই চ্যাম্পিয়নস লিগে নিজের ৯৬তম জয় পেয়েছেন রোনালদো। পেছনে ফেলে দিয়েছেন ক্যাসিয়াসকে (৯৫ জয়)।
রোনালদোর এমন রেকর্ডের দিনে রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদও। চ্যাম্পিয়নস লিগে (নাম পরিবর্তনের পর) প্রথম কোনো দল হিসেবে ১৫০ জয় পেয়েছে প্রতিযগিতার সবচেয়ে সফল দলটি।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি জয়
জয় | ম্যাচ | খেলোয়াড় | মূল দল |
৯৬ | ১৫১ | ক্রিস্টিয়ানো রোনালদো | রিয়াল মাদ্রিদ |
৯৫ | ১৬৭ | ইকার ক্যাসিয়াস | রিয়াল মাদ্রিদ |
৯১ | ১৫১ | জাভি হার্নান্দেজ | বার্সেলোনা |
৭৯ | ১৩০ | আন্দ্রেস ইনিয়েস্তা | বার্সেলোনা |
৭৯ | ১৪২ | রাউল গঞ্জালেস | রিয়াল মাদ্রিদ |