রোনালদোর ঠিকানা পিএসজি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনটা ছড়িয়েছিল কয়েক দিন আগে ছোট একটা ঘটনা থেকে। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-পিএসজি ম্যাচটা শেষ হয়েছে মাত্র। পিএসজি কোচ লরাঁ ব্লাঁর কানে কানে কী যেন বললেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যস, দুইয়ে দুইয়ে চার মিলিয়ে রোনালদোর পরের ঠিকানা প্যারিসেই দেখে ফেললেন অনেকে!
আসলেই সেটা হবে কি না, এখনই বলার উপায় নেই। তবে থিয়াগো সিলভা কিন্তু মনে করছেন, রোনালদোর পরের ঠিকানা পিএসজিই হচ্ছে।
ব্লাঁর কানে কানে রোনালদো কী বলেছিলেন, সেটা দুজনই ভালো বলতে পারবেন। তবে ব্লাঁ ওই ঘটনার দুই দিন পর রহস্যটা আরও বাড়িয়ে দিয়ে জানালেন, দুজনের আলাপের বিস্তারিত প্রকাশ্যে বলতে চান না। এর মধ্যেই রোনালদো আবার বললেন, রিয়ালে কত দিন থাকবেন সেটি নিশ্চিত করে বলতে পারছেন না। পিএসজি ডিফেন্ডার থিয়াগো সিলভা পরশু সেই গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিলেন, ‘আমার মনে হয় রোনালদো আসবে। আমি জানি না ব্লাঁর সঙ্গে ওর ওই ম্যাচের পর কী কথা হয়েছে। কারণ তিনি এ নিয়ে কিছু বলেননি। কিন্তু আমি আশা করি, ইতিবাচক কথাই হয়েছে।’
পেট্রোডলারের দাক্ষিণ্যপুষ্ট পিএসজি কয়েক বছর ধরেই ফ্রেঞ্চ লিগে ছড়ি ঘোরাচ্ছে। এখন চ্যাম্পিয়নস লিগটাকেই তারা পাখির চোখ করছে। সে জন্য রোনালদোর মতো খেলোয়াড় যে দরকার, সিলভা সেটিই মনে করিয়ে দিলেন, ‘রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়। ও এখানে এলে দলের সবাই খুশি হবে। পিএসজিরও চ্যাম্পিয়নস লিগ জিততে গ্রেটদের দরকার।’
তারপর পিএসজিতে আসার কিছু সুবিধাও যেন আগাম জানিয়ে রাখলেন রোনালদোকে, ‘সে তো ফ্রেঞ্চ খুব ভালো বলে, বোধ হয় আমার চেয়েও ভালো। আসার পর অন্তত প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে কোনো অসুবিধা হবে না।’ গোলডটকম।