রোনালদোর দাম যখন হ্যাজার্ডের চেয়েও কম!

বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়কে নিয়ে দলবদলের বাজারে কাড়াকাড়ি পড়ে যাওয়ার কথা। অনেকে তো টাকার বস্তা নিয়েই না কি বসে আছে রোনালদোকে পাওয়ার আশায়। তাঁকে দলে পেতে আগ্রহী অনেক ক্লাব। অথচ ফুটবলের এক গবেষণা দেখাচ্ছে, রোনালদোর চেয়ে এডেন হ্যাজার্ডই নাকি বেশি দামে বিকোবেন!
গত মৌসুমটি মোটেও ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। কিন্তু ব্যক্তিগতভাবে নিজের সেরা সময়টাই কাটিয়েছেন রোনালদো। এই মৌসুমেও ইতিমধ্যে ২৫টি গোল করেছেন তিনি। এই পর্তুগিজকে দলে টানতে অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন। কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল এই গোল মেশিনকে দলে টানতে ১৫০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে রাজি ফ্রান্সের ক্লাবটি। রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও তাঁকে ফেরাতে আগ্রহ দেখিয়েছে মাঝে মাঝে।
উল্টোদিকে আগের মৌসুমটা দারুণ কাটালেও এবার হ্যাজার্ডকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। মৌসুমের আগেই হোসে মরিনহো হ্যাজার্ডকে রোনালদোর চেয়েও ভালো ফুটবলার বলেছিলেন। এরপর থেকেই যেন হ্যাজার্ডকে মরিনহোকে ভুল প্রমাণ করতে নেমেছেন। চেলসির জার্সিতে এই মৌসুমে ২১টি ম্যাচ খেলে একবারও গোলের দেখা পাননি এই বেলজিয়ান ফরোয়ার্ড। কিন্তু এই পড়তি ফর্মও দলবদলের বাজারে মূল্য কমাচ্ছে না তাঁর। গবেষণায় হ্যাজার্ডের দাম উঠেছে ১৩০.৫ মিলিয়ন ইউরো। রোনালদোর চেয়ে যা ১৬.৫ মিলিয়ন বেশি!
এমনিতে হেসে উড়িয়ে দিতে পারেন এই গবেষণা। দেওয়াটা অস্বাভাবিকও নয়। কিন্তু গবেষণাটি সিআইইসি ফুটবল অবজারভেটরির মতো প্রতিষ্ঠান করেছে বলে গুরুত্ব দিতেই হচ্ছে। ফুটবলে এর আগেও এ ধরনের গবেষণা করার জন্য সুনাম আছে তাদের।
খেলোয়াড়দের দক্ষতা, বয়স, চুক্তির মেয়াদ ও বর্তমান পারফরম্যান্স মিলিয়ে এই মূল্য তালিকা বানানো হয়েছে। সেখানেই দেখা গিয়েছে ৩১ বছর ছোঁয়া রোনালদোর মূল্যটা কমে নেমে গিয়েছে ২৪ বছর বয়সী হ্যাজার্ডেরও নিচে। তালিকায় সবার ওপরে আছেন লিওনেল মেসি। ২৮ বছর বয়স, পাঁচটি শিরোপা জয়, বছর সেরা ফুটবলার—সবকিছু মিলিয়ে মেসির মূল্য উঠেছে ২৫০.৭ মিলিয়ন। এরপরেই আছেন নেইমার। নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা এই ব্রাজিলিয়ানের দাম হিসেব করা হয়েছে ১৫২.৭ মিলিয়ন ইউরো। তারপরেই হ্যাজার্ড ও রোনালদো। পাঁচে থাকা নামটিও খানিকটা বিস্ময় সৃষ্টি করেছে। গত দেড় বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে চমক জাগানো পারফরম্যান্স দেখানো হ্যারি কেনের মূল্য উঠেছে ৯১.৩ মিলিয়ন। এই ইংলিশ ফরোয়ার্ডের বয়স মাত্র ২২ বছর এই বিষয়টিও তাঁর মূল্যটা বাড়িয়ে দিয়েছে অনেক।
আসলে নতুন কোনো খেলোয়াড়কে কেনার সময় সেই খেলোয়াড় কত বছর সেরা ফর্মে ‘সার্ভিস’ দিতে পারবে, সেটিও বিবেচনা করা হয়। সেদিক দিয়ে দেখলে রোনালদোর এখন অস্তে ঢলে যাওয়ার সময়। কিন্তু বুড়ো বাঘ রোনালদো এখনো তো হ্যাজার্ডের মতো হরিণশাবককে এক থাবাতেই ঘায়েল করে পারেন অনায়াসে!