রোনালদোর দুষ্টুমি

নিজেকে সব সময়ই সবার আগে রাখতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। পেতে চান সেরার স্বীকৃতি। শুধু খেলাতেই নয়, রোনালদো সবাইকে পেছনে ফেলতে চান সব দিক দিয়েই। উয়েফা সুপার কাপের ম্যাচে রোনালদোর কাণ্ড দেখে তো তেমনটাই মনে হচ্ছে।
সেভিয়ার বিপক্ষে ম্যাচটি শুরুর আগে ছবি তুলছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। সতীর্থদের চেয়ে নিজেকে যেন বেশি লম্বা দেখা যায়, সে জন্য দুষ্টুমি করে পায়ের পাতার ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন রোনালদো। সত্যিই পর্তুগিজ এই তারকাকেই মনে হচ্ছিল সবচেয়ে লম্বা।

শুধু ছবিতে নিজেকে লম্বা প্রমাণ করেই থেমে থাকেননি রোনালদো। মাঠের লড়াইয়েও রেখেছেন নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ। তাঁর জোড়া গোলের সুবাদেই ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জিতেছে মৌসুমের প্রথম শিরোপা, উয়েফা সুপার কাপ।
ছবিতে যেন নিজেকে আরও আকর্ষণীয় দেখায়, সে জন্য কৌশলের আশ্রয় নিতে দেখা গেছে বায়ার্ন মিউনিখের দুই খেলোয়াড় জেরোমে বোয়েটাং ও দান্তেকেও। বায়ার্নের এই দুই ডিফেন্ডার পেছনে হাত দিয়ে জার্সিটা টানটান করে ধরে রেখেছিলেন, যেন তাঁদের বুকের ছাতি আরও চওড়া দেখায়। দান্তে আর বোয়েটাংয়ের এই কাণ্ডটি সামনে থেকে দেখে বোঝার কোনো উপায়ই ছিল না। কিন্তু হঠাত্ করেই পেছন থেকে এই ছবিটা তুলেছিলেন বিল্ড ম্যাগাজিনের এক আলোকচিত্রী।
নতুন মৌসুম শুরুর আগে ব্যায়ামাগারে অনেক সময় কাটানোর ফলাফলটাই হয়তো সবাইকে দেখাতে চেয়েছিলেন বোয়েটাং আর দান্তে! সূত্র: মেট্রো।