রোনালদোর দেশে যাচ্ছেন লড়াকু নাসরিন

পর্তুগাল যাচ্ছের নাসরিনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ আসে ঈদ যায়। নাসরিন আক্তারের কাছে প্রতিটি ঈদ যেন একই রকম। তবে এবারের ঈদটা সত্যিকার অর্থেই আনন্দের বার্তা নিয়ে এসেছে রংপুরের পালিচড়া গ্রামের ফুটবলারের কাছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় উন্নত প্রশিক্ষণ নিতে আগামী মাসে পর্তুগাল যাচ্ছে দেশের ১১ কিশোরী ফুটবলার। তাদের মধ্যে ব্যতিক্রমই বলতে হয় নাসরিনকে।

দারিদ্র্য নিত্যসঙ্গী নাসরিনের। তাঁর লড়াই চোটের সঙ্গেও। তবে কোনো কিছুই ১৬ বছর বয়সী নাসরিনের ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

যে বয়সে মা-বাবার আদরে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই নাসরিন ‘অনাথ’ এক কিশোরী। মা–বাবা থেকেও যে নেই! ১০ বছর আগে নাসরিনের মা–বাবার বিচ্ছেদ হয়ে যায়। মা এরপর আবার বিয়ে করেন। সৎবাবার সংসারে ঠাঁই হয়নি নাসরিনের। নানি ফজিলা বেগমই তাঁর ‘বাবা-মা’।

রংপুরে নানার বাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলে নাসরিনের ফুটবল চর্চা। মা-বাবার কথা মনে পড়লে প্রচণ্ড মন খারাপ হয় পালিচড়া এমএন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর। সেই কষ্ট ভুলতেই ফুটবলে আনন্দ খোঁজে নাসরিন। ‘বাবার কথা প্রায়ই মনে পড়ে। কিছুদিন আগে বাবাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। কিন্তু ওনার কোনো খোঁজ পাইনি। গত ১০ বছরে মা আমাকে মাত্র একবার লুকিয়ে দেখতে এসেছিল’—নাসরিনের কণ্ঠে ঝরে পড়ে অভিমান।

ফুটবলার হিসেবে নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন নাসরিন
ছবি: প্রথম আলো

মেয়েদের বয়সভিত্তিক ফুটবল জেএফএ কাপে সারা দেশের মধ্যে সেরা খেলোয়াড় হওয়ার সুবাদে ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পায় নাসরিন। ভুটানে খেলতে যাওয়ার সব রকমের মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছিল। কিন্তু ভুটান যাত্রার তিন দিন আগে অনুশীলনে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। তাতে ক্যারিয়ারই শেষ হওয়ার উপক্রম হয় নাসরিনের। হাঁটুতে অস্ত্রোপচারের জন্য অনেক টাকার প্রয়োজন পড়ে। অসহায় নাসরিন চোখে অন্ধকার দেখছিল। তাঁর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন রংপুরের তৎকালীন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। চিকিৎসার সব খরচ বহন করেন তিনি।

নাসরিনের কোচ মিলন খানের কৃতজ্ঞতা ওই পুলিশ কর্মকর্তার প্রতি, ‘এই মেয়েদের খেলা দেখতে একদিন আমাদের মাঠে এসেছিলেন পুলিশ সুপার বিপ্লব স্যার। উনি জানতে পারেন, চোটের কারণে খেলাধুলা বন্ধ রয়েছে নাসরিন ও রংপুরের আরেক ফুটবলার রুমির। এর পরপরই তিনি এই দুই ফুটবলারের চিকিৎসার সব দায়িত্ব নেন। স্যারের উপকারের কথা ভুলতে পারব না।’

চোট থেকে ফিরে আবারও মাঠ মাতানো শুরু করে নাসরিন। গত বছর ডিসেম্বরে ঢাকায় বঙ্গমাতা (অনূর্ধ্ব-১৭) শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর। একমাত্র গোলটি করে ফাইনালে ম্যাচসেরা হয় নাসরিন। ৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছিল সে।

‘লড়াকু’ নাসরিন হারতে চাননা কখনোই
ছবি: প্রথম আলো

রংপুর দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার নাসরিন। বঙ্গমাতা ফুটবলের বিভাগীয় দলে সুযোগ পেতে তাকে পার হতে হয়েছে কয়েকটি ধাপ। ফাইনালে নিজেকে তো মেলে ধরেছেই, দেশের ৮ বিভাগের সেরা ৪০ ফুটবলারের মধ্য থেকে ট্রায়ালে যোগ্যতা প্রমাণ করে ডাক পায় পর্তুগালগামী দলে।

ভুটান যেতে পারেনি বলে নাসরিনের কণ্ঠে আক্ষেপ ছিল। তবে সেই আক্ষেপ ঘুচে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে যাওয়ার সুযোগ পেয়ে, ‘ভেবেছিলাম আর কখনো ফুটবলই খেলতে পারব না। কিন্তু আবারও ফুটবলে ফিরেছি। পর্তু‌গালে ফুটবল প্রশিক্ষণ নিতে পারব, এটা শুনে আমার চেয়ে বেশি খুশি হয়েছেন নানি।’

লড়াকু নাসরিন হারতে চায় না কখনোই। এত বাধার পরও তাই ফুটবলে পা রেখে সে স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার।