রোনালদোর নতুন 'পরিবার' সহ্য হচ্ছে না রামোসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের একজনই ছিলেন রোনালদো। ছবি: টুইটার
পরিবারের একজনই ছিলেন রোনালদো। ছবি: টুইটার
>রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়ে ইতালিয়ান ক্লাবটিকে ‘পরিবারের মতো’ বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কথাটা সহ্য হয়নি সার্জিও রামোসের

ফুটবল নির্মম পেশাদারির জগৎ। তারপরও একসঙ্গে অনেক দিন খেললে নিজেদের এক পরিবারের সদস্য বলেই মনে করেন খেলোয়াড়েরা। সেখান থেকে কেউ ঠিকানা পাল্টে নতুন ঠিকানাকে যদি ‘পরিবার’ তকমা দিয়ে বসেন, তখন ফেলে আসা ঘরের সদস্যদের ব্যথা লাগবে বৈকি। সার্জিও রামোসের মনের ব্যথাও ঠিক এখানে। জুভেন্টাসকে ক্রিস্টিয়ানো রোনালদো ‘পরিবারের মতো’ বলায় রিয়াল ডিফেন্ডার আকারে-ইঙ্গিতে যেন এ প্রশ্নটাই ছুড়লেন, রোনালদো কি এখানে (রিয়াল) পরিবারের অংশ ছিল না?

রিয়ালে পর্তুগিজ তারকার সঙ্গে নয় মৌসুম কেটেছে রামোসের। ক্লাবের সাফল্য-ব্যর্থতা ভাগ করে নিয়েছেন দুজন। লড়াই করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। সেই রোনালদো রিয়াল ছেড়ে গত মাসে যোগ দেন জুভেন্টাসে। এরপর ‘জুভেন্টাস টিভি’তে দেওয়া সাক্ষাৎকারে কিছুদিন আগে তিনি বলেছেন, নতুন ক্লাব তাঁর কাছে একটা পরিবারের মতো। কথাটা সহ্য হয়নি রামোসের। রিয়াল অধিনায়কের উক্তি, ‘এখানে কিন্তু সে (রোনালদো) পরিবারের অংশই ছিল। তাই আমি জানি না সে কি বলছে। আমাদের এত জয়, এত সাফল্যের পেছনের মূল কারণ ছিল যে আমরা একটা পরিবারের মতো ছিলাম, একসঙ্গে খেলতাম। এবং সে পরিবারের একজন অপরিহার্য সদস্যও ছিল।’

সেই ‘অপরিহার্য’ সদস্যকে হারানো যে কষ্টের, সে কথাও স্বীকার করেছেন রামোস, ‘রোনালদোর মতো খেলোয়াড়কে হারানো নেতিবাচক ব্যাপার। কিন্তু আমরা জয়রথ চালিয়ে যেতে পারব আর রিয়ালের ইতিহাসে অনেকেই এসেছে, চলেও গেছে। কিন্তু রিয়ালের জয়রথ থামেনি। কেউ-ই রিয়ালের ঊর্ধ্বে না। যা কিছুই ঘটুক না কেন রিয়াল টিকে থাকবে আর ক্লাব ছাড়ার সিদ্ধান্তটা তাঁর ছিল।’

উয়েফা সুপার কাপের ফাইনালে আজ অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি রিয়াল মাদ্রিদ। ম্যাচটির ভেন্যু এস্তোনিয়ার তালিন। মাদ্রিদ থেকে গাড়ি পথে প্রায় চার হাজার কিলোমিটার দূরে গিয়ে ম্যাচটি খেলতে হবে রামোসদের। রিয়াল অধিনায়ক ভেন্যু নিয়ে তাই কিছুটা মনঃক্ষুণ্ন, ‘আমার কথামতো মাঠ ঠিক হবে না জানি, কিন্তু আমরা সব সময়ই বাড়ির কাছে খেলতে চাই। বাড়ি থেকে এত দূরে খেলাটা একটু কষ্টকর।’