গত সেপ্টেম্বরে এমন কিছু কেউ চিন্তা করতে পেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেডে? দলবদলের একদম শেষ মুহূর্তে ঘরের ছেলে ফিরেছিল। টানা দুই দিন ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন, এমন খবর শুনে শঙ্কিত ইউনাইটেড সমর্থকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন। রোনালদোর সঙ্গে সঙ্গে সোনালি দিনগুলোও ফিরে আসবে, সে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকেরা।
মাত্র ৬ মাস পরই বাস্তবতা বুঝতে পারছে ইউনাইটেড। আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ইউনাইটেডের। ডার্বিতে সিটির মুখোমুখি হবে তারা। প্রতিপক্ষের মাঠে এমন ম্যাচে পাওয়া যাচ্ছে না রোনালদোকে। বলা হচ্ছে চোটের কারণে পাওয়া যাচ্ছে না দলের সেরা তারকাকে। এতে নাকি দলের উল্টো লাভ হচ্ছে। অন্তত রোনালদোর সাবেক সতীর্থ গ্যারি নেভিলের ধারণা তাই।
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মুখোমুখি ইউনাইটেড ও সিটি। এই ম্যাচে রোনালদোকে দেখা যাবে না, এমন এক গুঞ্জন আগেই ছড়িয়ে পড়েছিল। টিম হোটেলে এদিনসন কাভানি, রাফায়েল ভারান, লুক শ ও রোনালদোর অনুপস্থিতিই এর কারণ। গোলডটকম পরে জানিয়েছে, চোট পেয়েছেন এই মৌসুমে দলটির সর্বোচ্চ গোলদাতা।
রোনালদো নেই, এদিনসন কাভানিও থাকছেন না। ওদিকে মূল স্ট্রাইকার হিসেবে আর যে খেলতে জানেন, সেই ম্যাসন গ্রিনউড তো আইনি ঝামেলায় বহুদিন ধরে মাঠের বাইরে। ফলে আজ আক্রমণের কেন্দ্রে আবার দেখা যেতে পারে মার্কাশ রাশফোর্ডকে। ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত ইউনাইটেডের জার্সি গায়ে চাপানো নেভিলের ধারণা, এতে দলেরই লাভ হবে।
স্কাই স্পোর্টসের সঙ্গে ম্যাচের আগে নেভিল বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড প্রতি আক্রমণ করে খেলবে। গত তিন বা চার বছরে, বিশেষ করে উলের (গুনার সুলশার) অধীনে, ইউনাইটেড প্রতি-আক্রমণভিত্তিক দল ছিল। নিচে বসে থেকে রাশফোর্ড ও অন্যদের মাধ্যমে হঠাৎ আক্রমণে উঠতেই স্বচ্ছন্দ ছিল। মনে হচ্ছে, আজও তেমন খেলবে।’
আজ রোনালদো না থাকায় তাই খুব একটা সমস্যা দেখছেন না নেভিল, ‘রোনালদো দলে নেই, আমি কখনো বলব না এটা ইতিবাচক কিছু। কিন্তু অন্য ম্যাচের তুলনায় একে বড় ক্ষতি বলব না। আমার ধারণা আজ প্রতি–আক্রমণেই ইউনাইটেড বেশি ভয়ংকর হবে এবং রোনালদোর চেয়ে রাশফোর্ড সামনে থাকলেই বেশি সুবিধা হবে।’
এ মৌসুমে ইউনাইটেডের জার্সিতে ১৫ গোল করেছেন রোনালদো।