রোনালদোর নামে বিমানবন্দর

একটি আন্তর্জাতিক শিরোপার জন্য পর্তুগালের হাহাকার ঘুচেছে তাঁর হাত ধরে। দেশকে করেছেন ইউরোপ-সেরা। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল কিছু করবে না, তা হয় নাকি! ইউরো জেতার পরই ঘোষণা করা হয়েছিল, তাঁর জন্মস্থান মাদেইরার বিমানবন্দরটা হবে রোনালদোর নামে। আনুষ্ঠানিকভাবে সেটি হয়ে গেল গতকাল। সেখানে গড়া হয়েছে তাঁর একটি আবক্ষ মূর্তিও। নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালের প্রধানমন্ত্রীসহ অনেকে।
তার আগে পরশু আরেকটি আনন্দের উপলক্ষ ছিল পর্তুগিজ অধিনায়কের জন্য, সেটিও মাদেইরাকে ঘিরেই। পর্তুগালের জার্সিতে এর আগে কখনো মাদেইরাতে খেলা হয়নি পর্তুগিজ যুবরাজের। অপেক্ষাটা ফুরোল পরশু, সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। ১৮ মিনিটেই গোল করে উপলক্ষটা রাঙিয়েছেনও রোনালদো, পর্তুগালের জার্সিতে যা তাঁর ৭১তম গোল। তবে ষোলো আনা আনন্দ আর পাওয়া হলো না রোনালদোর, প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচটা পর্তুগাল হেরে গেছে ৩-২ গোলে। রয়টার্স।