রোনালদোর নিজেকে হারিয়ে ফেলার সাত কারণ
>

ক্রিস্টিয়ানো রোনালদো ‘হারিয়ে গেছেন’? ভ্রু কোঁচকাতেই পারেন। এই সেদিনই তো সেভিয়ার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেললেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। সমস্যা এখানেই, মাঠে রোনালদো আছেন, কিন্তু সেই ভয়ংকর রোনালদো যেন হারিয়ে গেছে। এমন নয়, গোল কম পাচ্ছেন। ১৫ ম্যাচে ১৩ গোল বলবে তাঁর ফর্ম দারুণ। কিন্তু সংখ্যায় লেখা নেই রোনালদোর ধারহীনতার ছবি।
লিগে ১১ ম্যাচের সাতটিতেই গোল পাননি। পুরো মৌসুমে ১৫ ম্যাচে গোল নেই নয়টিতেই! হলোটা কী রোনালদোর? স্প্যানিশ দৈনিক মার্কা রোনালদোর এমন হারিয়ে যাওয়ার সাতটি কারণ তুলে ধরেছে—
১. আগের সেই ধার হারিয়ে ফেলেছেন রোনালদো। কেবল গোল কম করছেন বলেই না, দলের খেলাতেও অবদান রাখছেন খুব কম। খেলা তৈরি করে দেওয়া, সতীর্থদের সঙ্গে বোঝাপড়া, কিংবা আক্রমণে সমর্থন দেওয়ার মতো কাজে পাওয়া যাচ্ছে না তাঁকে।
২. করিম বেনজেমার অনুপস্থিতি। নিজের প্রিয় সতীর্থকে পাশে পাচ্ছেন না রোনালদো। বেনজেমা মাঠে থাকলে প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখেন, আর তার সুযোগের সদ্ব্যবহার করেন রোনালদো। চোটের কারণে বেনজেমা মাঠের বাইরে যাওয়ার পর থেকেই রোনালদোর খেলায় ভাটার টান।
৩. নিজের জায়গায় খেলতে না-পারা। রোনালদোর খেলার ধরন হলো বড় একটা জায়গা জুড়ে খেলা। কিন্তু বেনজেমার অনুপস্থিতিতে বিপক্ষের ডি-বক্সের আশপাশেই থাকতে হচ্ছে বেশি। ফলে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছেন না।
৪. বর্তমান নয়, ভবিষ্যৎ নিয়েই ভাবছেন বেশি। গত কিছুদিন ধরেই আগামী মৌসুমে কোথায় থাকবেন সেটি নিয়েই যেন বেশি ভাবনায় আচ্ছন্ন। পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড নাকি এমএলএস—এ নিয়েই আলোচনা হচ্ছে। পর্তুগিজ তারকার মনোযোগটাও যেন কেন্দ্রীভূত নয়।
৫. বেনিতেজের সঙ্গে মানাতে পারছেন না রোনালদো। কার্লো আনচেলত্তির সঙ্গে রোনালদোর জুটিটি মানিয়েছিল ভালো। আনচেলত্তিকে বরখাস্ত করায় রোনালদো নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রকাশ্যেই। তার রেশই যেন রয়ে গেছে এখনো। বেনিতেজের অধীনে এখনো স্বাচ্ছন্দ্য দেখাচ্ছে না তাঁকে। এর ফলে বিপাকে পড়েছে রিয়ালই।
৬. বিশ্রামটা জরুরি হয়ে দাঁড়িয়েছে রোনালদোর জন্য। এই মৌসুমের রিয়ালের ১৫টি ম্যাচের প্রতিটি মুহূর্ত মাঠে ছিলেন। খেলাতে ক্লান্তির ছাপটা বোঝা যাচ্ছে স্পষ্ট। নিজেকে ফিরে পেতে চাইলে খুব শিগগিরই একটি বিশ্রাম নিয়ে নেওয়া জরুরি।