রোনালদোর নির্দিষ্ট ভূমিকা নেই!
ক্যারিয়ার শুরু করেছিলেন নিখাদ উইঙ্গার হিসেবে। একসময় দেখা গেল, ক্রিস্টিয়ানো রোনালদো গোল করানোর চেয়ে করতেই পারছেন বেশি। এখন তো গোলের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন। কিন্তু রোনালদোর আসল পজিশন কোনটি—একজন নির্ভেজাল স্ট্রাইকার নাকি উইঙ্গার? পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস বলছেন, এই দুই ভূমিকার কোনোটিতেই রোনালদোকে নির্দিষ্ট করে দেওয়া উচিত নয়। রোনালদোকে রক্ষণে সাহায্য করারও দরকার নেই বলে মনে করছেন সান্তোস।
রাফায়েল বেনিতেজ আসার পর রিয়াল মাদ্রিদে রোনালদোর ভূমিকা বদলে যাবে, এমন একটা গুঞ্জন উঠেছিল। সেটা অবশ্য সত্যি হয়নি, রোনালদো খেলছেন তাঁর পুরোনো জায়গাতেই। এই মৌসুমেই যেমন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের ১২টি ম্যাচের সাতটিতেই রোনালদো খেলেছেন বাঁ প্রান্তে। করিম বেনজেমা চোটে থাকার জন্য তিনটি ম্যাচে খেলেছেন স্ট্রাইকার হিসেবে। আর দুটি ম্যাচ খেলেছেন লেফট ফরোয়ার্ড হিসেবে। সান্তোস রোনালদোর জায়গা নির্দিষ্ট করে দেওয়ার পক্ষে নন, ‘রোনালদো আসলে কখনো ঠিক ধ্রুপদি নয়, নম্বর বা একজন “টার্গেট ম্যান” নয়। আবার সে কোনো প্রথাগত উইঙ্গারও নয়, যেমন ছিল লুইস ফিগো। রোনালদো তখনই সবচেয়ে ভালো করে, যখন সে এক প্রান্ত থেকে ভেতরের দিকে এসে খেলে।’
কিন্তু যেখানেই খেলুন, রক্ষণে তো অবদান রাখতেই হয়। আধুনিক যুগে এসে সেটা না করাটা অসম্ভবই। তবে সান্তোসের ধারণা অন্য রকম, ‘একজন উইঙ্গারের মতো রোনালদোকে আপনি নিচে নেমে খেলতে বলতে পারেন না। সে আক্রমণে নিজের সবটুকু দিয়ে দেয়, বিশ্বের সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার। ডিফেন্ডারের ভূমিকা তার পালন করার দরকার নেই।’
স্পোর্টিং লিসবনের হয়ে রোনালদোর ক্যারিয়ারের শুরু, তখন সেই ক্লাবের কোচ ছিলেন সান্তোস। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘ওর মধ্যে জয়ের নেশাটা জন্মগত। ওর মধ্যে একটা অহম আছে, সেটা অবশ্য ভালো অর্থে। এ রকম স্বার্থপরতা বোধ হয় খারাপ কিছু নয়। রোনালদো এ রকমই। দল জিতেছে, কিন্তু ও গোল পায়নি, এ রকম কোনো ম্যাচে ওকে আমি রাগতে দেখিনি।’ ইএসপিএন।