রোনালদোর নেপালে দান করার খবর 'ভুয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর আর্থিক সাহায্যের খবরটি অস্বীকার করেছে সেভ দ্য চিলড্রেন। ফাইল ছবি
রোনালদোর আর্থিক সাহায্যের খবরটি অস্বীকার করেছে সেভ দ্য চিলড্রেন। ফাইল ছবি

নেপালের ভূমিকম্প বিধ্বস্ত মানুষের জন্য ৭৯ লাখ ডলার দান করেছিলেন বলে খবর এসেছিল। বিশ্বের নামকরা কিছু সংবাদ সংস্থা ও পত্রিকা সেই খবর নিশ্চিতও করেছিল। কিন্তু যে প্রতিষ্ঠানকে ক্রিস্টিয়ানো রোনালদো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি টাকা দান করেছেন বলে খবর এসেছিল, সেই ‘সেভ দ্য চিলড্রেন’ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, খবরটি সঠিক নয়।
ব্রিটেনের শীর্ষ দৈনিক গার্ডিয়ান সেভ দ্য চিলড্রেনের বরাত দিয়ে জানিয়েছে, রোনালদো নেপালের ভূমিকম্প বিধ্বস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে দুর্গত বিপন্ন শিশুদের জন্য বরাবরই সোচ্চার সেভ দ্য চিলড্রেনের এই শুভেচ্ছাদূত। কিন্তু তিনি কোনো দান করেননি। এ ধরনের খবর বিভ্রান্তি তৈরি করতে পারে।
সেভ দ্য চিলড্রেন তাদের বিবৃতিতে বলেছে, ‘সেভ দ্য চিলড্রেনের বিশ্বদূত হিসেবে রোনালদো সব সময়ই বিশ্বজুড়ে বিপন্ন শিশুদের জন্য সোচ্চার ছিলেন, এ ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে তিনি বিশ্বজুড়ে ভূমিকাও রেখেছেন। যার মধ্যে আছে নেপালের ভূমিকম্পের দুর্গতরাও। তবে নেপালের সেভ দ্য চিলড্রেনের জরুরি সাহায্য প্রার্থনায় সাড়া দিয়ে রোনালদোর দান করার খবরটি ভুয়া। তবে দ্বিতীয় ভূমিকম্পে দেশটি আরও বিপর্যয়ে পড়ে যাওয়ার পর রোনালদো এবং বিশ্বের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা নেপালের শিশু এবং পরিবারগুলোর পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরায় সেভ দ্য চিলড্রেন ধন্যবাদ জানাতে চায়।’
২০১৩ সাল থেকে রোনালদো সেভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করছেন। শিশুদের ক্ষুধা ও পুষ্টিহীনতা বিষয়ক বিশ্বদূত তিনি। ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনের সঙ্গেও কাজ করেন তিনি।